গাজীপুরে ট্রাক-পিকআপ সংঘর্ষে কিশোরের মৃত্যু

গাজীপুর কণ্ঠ ডেস্ক : সদর উপজেলার মেম্বারবাড়ী এলাকায় ট্রাকের পেছনে পিকআপ ভ্যানের সংঘর্ষে মারুফ মিয়া (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুন) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মারুফ শ্রীপুর উপজেলার কাওরাইদ এলাকার মানিক মিয়ার ছেলে।

মাওনা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আবু আলম বলেন, পিকআপভ্যানের সহকারী হিসেবে কাজ করতো মারুফ মিয়া। সকালে পিকআপযোগে শ্রীপুরের দিকে যাচ্ছিল মারুফ। এসময় ময়মনসিংহগামী একটি ট্রাকের পেছনে তাদের পিকআপের সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারুফ মিয়া মারা যায়। নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।