গাজীপুর কণ্ঠ ডেস্ক : করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় গাজীপুরের আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে শনাক্ত হয়েছে আরও ৭৩ জন।
বৃহস্পতিবার (১ জুলাই) সিভিল সার্জন অফিস থেকে এ তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, মৃত একজন পুরুষ এবং অপরজন নারী। দু’জনেই সদরের বাসিন্দা। গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা গেছেন।
সিভিল সার্জন অফিস জানায়, ”গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) নমুনা পাঠানো হয়েছে ৩৮৮ জনের। এরমধ্যে নমুনা পরীক্ষার পর ফলাফল পাওয়া গেছে ২৯৪ জনের। এর মধ্যে ৭৩ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। বাকী ৯৪ জনের নমুনা পরীক্ষার ফলাফল অপেক্ষমান রয়েছে। এ সময়ে মৃত্যু হয়েছে আরও ২ জনের।”
”এ পর্যন্ত গাজীপুরের মোট ৯০ হাজার ৯১১ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এরমধ্যে করোনার সংক্রমণ শনাক্তের সংখ্যা ১২ হাজার ৬৮৬ জন। তাঁদের মধ্যে মারা গেছেন মোট ২৪২ জন। মোট সুস্থ হয়েছেন ১০ হাজার ৯৮৯ জন। ৯৪ জনের নমুনা পরীক্ষা ও ফলাফল অপেক্ষমান রয়েছে।”
আরো জানানো হয়, ”গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্তদের মধ্যে রয়েছে সর্বাধিক সদরে (মহানগর) ৩৬ জন, কাপাসিয়ায় ১২ জন, কালিয়াকৈরে ১২ জন, শ্রীপুরে ১০ জন এবং কালীগঞ্জে ৩ জন।”
”এখন পর্যন্ত সর্বাধিক কোভিড-১৯ শনাক্ত হয়েছে সদরে (মহানগর) ৮ হাজার ২৫৩ জন। এছাড়াও শ্রীপুরে ১ হাজার ৪০৬ জন, কালিয়াকৈরে ১ হাজার ৩১৮ জন, কালীগঞ্জে ৮৯৩ জন এবং কাপাসিয়ায় ৮১৬ জন।”