আশ্রয়ের আবেদন করা দুই লাখ বিদেশির ভিসা বাতিল করবে ট্রাম্প প্রশাসন

২০১৬ থেকে ২০২৬ সালের মধ্যে বি-ওয়ান ও বি-টু ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করে আশ্রয়ের আবেদন করা ব্যক্তিদের মধ্য থেকে প্রায় দুই লাখ আবেদনকারীর ভিসা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আশ্রয়ের আবেদন করা দুই লাখ বিদেশির ভিসা বাতিল করবে ট্রাম্প প্রশাসন

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। পর্যটন বা ব্যবসার উদ্দেশ্যে দেশটিতে প্রবেশের পর স্থায়ীভাবে বসবাসের জন্য আশ্রয়ের আবেদন করা প্রায় দুই লাখ বিদেশির ভিসা বাতিলের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

ফক্স নিউজ ও বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের নথি ও কর্মকর্তাদের বক্তব্য অনুযায়ী, ২০১৬ থেকে ২০২৬ সালের মধ্যে বি-ওয়ান ও বি-টু ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করে আশ্রয়ের আবেদন করা ব্যক্তিদের মধ্য থেকে প্রায় দুই লাখ আবেদনকারীর ভিসা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ উদ্যোগ বাস্তবায়নে পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে কাজ করবে।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র টমি পিগোট অ্যাসোসিয়েটেড প্রেসকে জানিয়েছেন, অনেক বিদেশি স্বল্পমেয়াদি দর্শনার্থী হিসেবে অ-অভিবাসী ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশের পর আশ্রয়ের আবেদন করেন এবং পরবর্তী সময়ে দেশটিতে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। এসব আবেদনকারীকে শনাক্ত করে তাদের ভিসা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে ঠিক কতজন আবেদনকারীর ভিসা বাতিল করা হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট সংখ্যা জানাতে রাজি হননি টমি পিগোট।

তিনি বলেন, ভিসা বাতিলের প্রক্রিয়া চলমান থাকবে। ফলে এখনই নির্দিষ্ট করে বলা সম্ভব নয়, শেষ পর্যন্ত কতজন আবেদনকারীর ভিসা বাতিল হতে পারে।