জিজ্ঞাসাবাদের জন্য হেলেনা জাহাঙ্গীরকে আটক করেছে র‍্যাব

গাজীপুর কণ্ঠ ডেস্ক : আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপ-কমিটির সদস্যপদ থেকে অব্যাহতি পাওয়া হেলেনা জাহাঙ্গীরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে র‍্যাব। এ সময় তার বাসা থেকে বিপুল পরিমাণ মদ, ইয়াবা,  হরিণের চামড়া, ক্যাসিনো বোর্ড এবং ওয়াকিটকিসহ বেশ কিছু অবৈধ সরঞ্জাম পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২৯ জুলাই) রাতে তার গুলশানের বাসায় অভিযান চালা‌য় র‍্যাবের একটি দল। পরে তাকে আটক করা হয়।

র‌্যাব সূত্র জানায়, হেলেনা জাহাঙ্গীরের গুলশানের ওই বাসা থেকে বিপুল পরিমান মাদক উদ্ধার করা হয়েছে। মাদকসহ বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য হেলেনা জাহাঙ্গীরকে আটক করে র‌্যাব সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়েছে।

জানা গেছে, সম্প্রতি আওয়ামী লীগের উপ কমিটি থেকে হেলেনা জাহাঙ্গীরকে অব্যাহতি দেয়া হয়। চাকরিজীবী লীগ নামে সংগঠন গড়াসহ নানা কর্মকাণ্ডের জন্য সমালোচিত হেলেনা জাহাঙ্গীর একটি আইপি টিভির মালিক।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে র‍্যাব সদস্যরা হেলেনা জাহাঙ্গীরের বাড়িটিতে প্রবেশ করে। এরপর রাত পৌনে ১০টার দিকে র‍্যাবের তিনজন নারী সদস্য ওই বাসায় প্রবেশ করেন। অভিযানের সময় হেলেনা যে বাসাটিতে থাকেন সেটির মূল ফটক বন্ধ করে দেয় র‌্যাব। কাউকে ভেতরে প্রবেশ করতে দেয়া হয়নি।