পাবজি, ফ্রি ফায়ারসহ বিপজ্জনক সব গেইম বন্ধের নির্দেশ দিয়েছে হাই কোর্ট

গাজীপুর কণ্ঠ ডেস্ক : দেশের অনলাইন প্লাটফর্ম থেকে পাবজি, ফ্রি ফায়ারসহ এ ধরনের বিপজ্জনক সব গেইম বন্ধের নির্দেশ দিয়েছে হাই কোর্ট।

এ সংক্রান্ত এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো.কামরুল হোসেন মোল্লার ভার্চুয়াল হাই কোর্ট বেঞ্চ সোমবার (১৬ আগস্ট) রুলসহ এ আদেশ দেয়।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী হুমায়ুন কবির পল্লব।

রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী।

আইনজীবী নওরোজ সংবাদ মাধ্যমকে বলেন, “দেশের অনলাইন প্লাটফর্ম থেকে পাবজি, ফ্রি ফায়ারসহ এ জাতীয় গেইম তিন মাস বন্ধ রাখতে নির্দেশ দিয়েছেন হাই কোর্ট। এছাড়া রুল জারি করেছেন।”

দেশের অনলাইন প্লাটফর্ম থেকে টিকটক, লাইকি, পাবজিসহ অনলাইন গেইম এবং ভিডিও স্ট্রিমিং অ্যাপ বন্ধের নির্দেশ কেন দেওয়া হবে না, জানতে চাওয়া হয়েছে রুলে।

এছাড়া এ ধরনের অনলাইন গেইম এবং স্ট্রিমিং অ্যাপ নিয়মিতভাবে পর্যবেক্ষণ, পর্যালোচনা করার জন্য একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন এবং এ বিষয়ে একটি নীতিমালা তৈরির নির্দেশ কেন দেওয়া হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে।

আগামী ১০ দিনের মধ্যে বিবাদিদের রুলের জবাব দিতে বলা হয়েছে বলে জানান এই আইনজীবী।