তালেবানের শক্তি পরিমাপে ভুল করেছিল গোয়েন্দা বাহিনী: ব্রিটিশ সশস্ত্র বাহিনীর প্রধান

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : তালেবান যে এত দ্রুত আফগানিস্তান দখল করে নিতে পারে তা আন্দাজ করতে ‘প্রত্যেকেই ভুল করেছিল’ বলে জানিয়েছেন ব্রিটিশ সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল নিক কার্টার। তালেবানের ঝড়ের গতিতে আফগানিস্তান দখল প্রসঙ্গে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন,তালেবানের কাবুল দখলের গতিতে অবাক হয়েছে সবাই। আর তালেবান কী করতে যাচ্ছে তা কেউ বুঝতে পারেনি বলেও মনে করেন কার্টার।

সামরিক গোয়েন্দা তথ্য ভুল ছিল কিনা, বিবিসির এমন প্রশ্নের উত্তরে কার্টার বলেন, সরকার বিভিন্ন উৎস থেকে গোয়েন্দা তথ্য পেয়েছে। শুধু সামরিক গোয়েন্দা তথ্যের ওপর সরকার নির্ভরশীল ছিল না।

এক সপ্তাহ আগেই আফগানিস্তান থেকে সরিয়ে নেওয়া হয়েছে সব ব্রিটিশ ও মার্কিন ও ন্যাটো সেনা। এর মধ্য দিয়ে আফগানিস্তানে শেষ হয়েছে ২০ বছরের সন্ত্রাসবিরোধী যুদ্ধের। তবে পশ্চিমা দেশগুলোর সেনা এভাবে আফগানিস্তান থেকে সরিয়ে নেওয়ার তীব্র সমালোচনা হয়েছে। এমনকি তালেবান কীভাবে ঝড়ের গতিতে আফগানিস্তান দখল করে নিতে পারল তা নিয়েও প্রশ্ন উঠেছে।

চলতি সপ্তাহের শুরুতে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব পার্লামেন্টে এমপিদেরকে জানিয়েছিলেন, গোয়েন্দাদের ধারণা ছিল,ধীরে ধীরে নিরাপত্তা পরিস্থিতির অবনতি হতে পারে। তবে এই বছর কাবুলের পতনের সম্ভাবনা নেই।

অথচ সেই ধারণা ভুল প্রমাণ করে আগস্টের মাঝামাঝি সময়েই কাবুলের নিয়স্ত্রণ চলে গেছে তালেবানের হাতে। আফগানিস্তানে আগামী কয়েক দিনের মধ্যেই নতুন সরকার ঘোষণার কথা রয়েছে তালেবানের। তার মানে বিশ্বের দেশগুলোকে এখন তালেবান প্রশাসনের সঙ্গে খাপ খাইয়ে চলার প্রক্রিয়া শুরু করতে হবে।

এই প্রসঙ্গে নিক কার্টার বলেন, তালেবান কীভাবে দেশ শাসন করবে তা এখনই বলা যাচ্ছে না। তবে এবারের তালেবান প্রশাসন অতীতের তুলনায় কম নিপীড়নমূলক হওয়ার সম্ভাবনা আছে।