১৬৭৪ কোটি রুপি আয়, ‘রামায়ণ’ কতটা লাভজনক?

‘রামায়ণ’ নির্মাণে দুই পর্ব মিলিয়ে ব্যয় ধরা হয়েছে প্রায় ৪ হাজার কোটি রুপি।

১৬৭৪ কোটি রুপি আয়, ‘রামায়ণ’ কতটা লাভজনক?

গাজীপুর কণ্ঠ, বিনোদন ডেস্ক

বলিউডের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল সিনেমাগুলোর একটি নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’। মুক্তির ১৭ দিনে বিশ্বব্যাপী ১ হাজার ৬৭৪ কোটি রুপির বেশি আয় করেছে সিনেমাটির প্রথম পর্ব। ভারতের বক্স অফিসে ৯০০ কোটি রুপির বেশি নেট আয় করেছে এটি। তবে এত বিপুল আয়ের পরও সিনেমাটির বিনিয়োগ উঠে এসেছে কিনা, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

এর প্রধান কারণ, ‘রামায়ণ’ নির্মাণে দুই পর্ব মিলিয়ে ব্যয় ধরা হয়েছে প্রায় ৪ হাজার কোটি রুপি। তবে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, ডলারের বর্তমান বিনিময়মূল্য ধরলে সিনেমাটি মোট বাজেট প্রায় ৪ হাজার ৭০০ কোটি রুপি। ফলে প্রথম পর্বের বক্স অফিস আয় দিয়ে পুরো প্রকল্পের লাভ-ক্ষতি নির্ধারণের সুযোগ নেই।

বক্স অফিস ইনডেক্সের হিসাব অনুযায়ী, ২১ নভেম্বর পর্যন্ত ‘রামায়ণ: পার্ট ওয়ান’-এর ভারতে নিট আয় দাঁড়িয়েছে ৯০৬ কোটি ৯০ লাখ রুপি। ভারতে গ্রস আয় ১ হাজার ৮৩ কোটি ৭০ লাখ রুপি। বিদেশের বাজার থেকে এসেছে ৫৩৩ কোটি রুপি। সব মিলিয়ে বিশ্বব্যাপী গ্রস আয় ১ হাজার ৬৭৪ কোটি ৩৯ লাখ রুপি। ৫ নভেম্বর মুক্তির পর ১৭ দিনের হিসাবে এ আয় করেছে সিনেমাটি।

তবে বক্স অফিসের গ্রস আয় আর প্রযোজকের হাতে আসা অর্থ এক নয়। টিকিট বিক্রির অর্থ থেকে কর, প্রেক্ষাগৃহ ও পরিবেশকদের অংশ বাদ যায়। ফলে বিশ্বব্যাপী ১ হাজার ৬৭৪ কোটি রুপি আয় করলেও পুরো অর্থ প্রযোজকের বিনিয়োগের বিপরীতে জমা হয় না।

দুই পর্বের বাজেট ৪ হাজার কোটি রুপি

প্রযোজক নমিত মালহোত্রার ৫০০ মিলিয়ন ডলারের বিনিয়োগের ঘোষণা থেকে বাজেট নিয়ে আলোচনার সূত্রপাত হয়। ওই সময়ের হিসাবে, ভারতীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় ৪ হাজার কোটি রুপি। তবে এই অর্থ শুধু সিনেমা নির্মাণে ব্যয় হচ্ছে না। এর মধ্যে দুই পর্বের নির্মাণ, আন্তর্জাতিক বাজারে মুক্তি ও প্রচারের খরচও রয়েছে।

অভিনেতা ও সহপ্রযোজক যশ গত আগস্টে টেলিভিশন অনুষ্ঠান ‘আপ কি আদালত’-এ বাজেটের বিষয়টি ব্যাখ্যা করেন। তিনি বলেন, ৪ হাজার কোটি রুপি খরচ শুধু প্রথম পর্বের নয়, দুই পর্বের সিনেমা এবং সেগুলোর মুক্তি ও প্রচার ব্যয় মিলিয়ে।

যশের ভাষায়, ‘এটি একটি ভুল ধারণা। ৪ হাজার কোটি রুপি দুই পর্বের সিনেমার বাজেট, যার মধ্যে মুক্তি ও প্রচারের খরচও অন্তর্ভুক্ত।’

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে দুই পর্বের সম্মিলিত বাজেটের পরিমাণ প্রায় ৪ হাজার ৭০০ কোটি রুপি উল্লেখ করে। ডলারের বিপরীতে রুপির বিনিময়মূল্য পরিবর্তনের কারণে ৪ হাজার ও ৪ হাজার ৭০০ কোটি রুপির এই পার্থক্য তৈরি হয়েছে।

শুধু সিনেমার আয়েই বিনিয়োগ তুলে আনার পরিকল্পনা নেই

প্রযোজক নমিত মালহোত্রা অবশ্য শুধু প্রেক্ষাগৃহের আয়ের ওপর নির্ভর করছেন না। সিনেমার পণ্যসামগ্রী বিক্রি এবং থিম পার্ক নির্মাণের মতো উদ্যোগ থেকেও আয় করার পরিকল্পনা রয়েছে তার।

ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেয়া এক সাক্ষাৎকারে নমিত মালহোত্রা বলেন, ‘সিনেমা থেকে আয় না হলে পণ্যসামগ্রী বিক্রি করে আয় করব। সেখান থেকে না হলে থিম পার্ক থেকে। আর সেখান থেকেও না হলে অন্য কোনো উপায়ে।’

গুরুত্বপূর্ণ বিষয় হলো, ‘রামায়ণ’-এর সাংস্কৃতিক মূল্য এর সাহিত্যগুণের ওপর পুরোপুরি নির্ভর করে না। এর সঙ্গে জড়িয়ে আছে হিন্দু ধর্মাবলম্বীদের আবেগ।

নমিত আরো বলেন, ‘এটি প্রভু রামের কাহিনী। মানুষ সিনেমাটি পছন্দ করবে না এবং তা বাণিজ্যিক সম্ভাবনা তৈরি করতে পারবে না—এমনটা হওয়ার কোনো কারণ নেই।’

দুই পর্বের এ প্রকল্পে তিনি কোনো আপস করতে চাননি বলেও জানিয়েছেন।

লাভের হিসাব চূড়ান্ত হতে অপেক্ষা দ্বিতীয় পর্বের

‘রামায়ণ’-এর দ্বিতীয় পর্ব মুক্তির পরিকল্পনা রয়েছে ২০২৮ সালে। ফলে প্রথম পর্বের আয় দিয়ে পুরো প্রকল্পের আর্থিক সাফল্য বিচার করা কঠিন। ইন্ডিয়ান এক্সপ্রেসের বিশ্লেষণেও বলা হয়েছে, নির্মাতারা দ্বিতীয় পর্বের মুক্তির পরই দুই পর্বের সম্মিলিত বিনিয়োগের বিপরীতে আয়ের পূর্ণ হিসাব পেতে পারেন। একই প্রতিবেদনে তখন পর্যন্ত ওটিটি ও স্যাটেলাইট স্বত্ব বিক্রির চুক্তি চূড়ান্ত হওয়ার তথ্য পাওয়া যায়নি।