পূবাইলে বিল থেকে মানসিক ভারসাম্যহীন নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

গাজীপুর কণ্ঠ ডেস্ক : পূবাইলের ছিকলিয়া এলাকায় বিলের পানি থেকে বিকাশ চন্দ্র দাস (২৮) নামে মানসিক ভারসাম্যহীন নিখোঁজ এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৯ সেপ্টেম্বর) সকাল পৌণে ৭টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

সত্যতা নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পূবাইল থানার উপপরিদর্শক (এসআই) রাশেদুর রহমান।

নিহত বিকাশ চন্দ্র দাস ছিকলিয়া এলাকার মৃত বিবিষন চন্দ্র দাসের ছেলে। তিনি মানসিক প্রতিবন্ধী ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকাশ চন্দ্র দাস গত ১৫ সেপ্টেম্বর বিকেলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরেনি। এরপর থেকে তার আর কোন সন্ধান পাওয়া যায়নি। রোববার সকালে জেলেরা বিলে মাছ ধরতে গিয়ে উধুর ও ছিকলিয়া ভাঙ্গা ব্রিজের উত্তর পাশে বিলের পানিতে ভাসমান অবস্থায় একটি লাশ দেখতে পায়। পরে পূবাইল থানায় খবর দেয়া হলে পুলিশ লাশ উদ্ধার করে। এরপর বিকাশ চন্দ্র দাসের স্বজনরা লাশ শনাক্ত করেন।

জিএমপি‘র পূবাইল থানার উপপরিদর্শক (এসআই) রাশেদুর রহমান বলেন, রোববার সকালে বিলের পানি থেকে নিখোঁজ বিকাশ চন্দ্র দাসের লাশ উদ্ধার করা হয়েছে। পরে তার স্বজনরা লাশ শনাক্ত করেন। নিহতের শরীরে আঘাতের কোন চিহ্ন নেই। তবে লাশটি পানিতে আংশিক গলিত অবস্থায় ছিল।

তিনি আরো বলেন, ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।