আইয়ুব সাবের টিপু, স্কটল্যান্ডের গ্লাসগো থেকে : স্কটল্যান্ডের সর্ববৃহৎ ফান্ড রাইজিং (তহবিল সংগ্রহ) ইভেন্ট ‘কিল্ট ওয়াক ২০২১’ অনুষ্ঠিত হয়েছে। এতে গ্লাসগো বাংলা স্কুল ও বাংলা সেন্টারের সদস্যরাও অংশগ্রহণ করে।
গত ২৬ সেপ্টেম্বর (রোববার) ‘কিল্ট ওয়াক ২০২১’ অনুষ্ঠিত হয়েছে।

এতে হাজার হাজার অংশগ্রহণকারীদের সাথে গ্লাসগো বাংলা স্কুলের পক্ষ থেকে চার শিক্ষার্থী এবং বাংলা সেন্টারের পক্ষ থেকে সাতজন প্রাপ্তবয়স্কসহ মোট ১১ জন অংশগ্রহণ করে।

গ্লাসগো বাংলা স্কুলের পক্ষ থেকে শিক্ষার্থী মিকা, তুবা, যুহানা এবং রায়ীদ কিল্ট ওয়াকে অংশগ্রহণ করে।

গ্লাসগো গ্রীন থেকে শুরু করে রিভারসাইড মিউজিয়াম পর্যন্ত সাড়ে তিন মাইল দীর্ঘ “উই ওয়ান্ডার” নামে পরিচিত হাঁটা পথ পাড়ি দিয়ে বাংলা সেন্টারের চ্যারিটি কার্যকলাপের তহবিল সংগ্রহের উদ্দেশ্যে বাংলা স্কুলের ছাত্রছাত্রীরা ছিল বদ্ধপরিকর।

বাংলা সেন্টারের পক্ষ থেকে অংশগ্রহণ করেন সেন্টারের সভাপতি মাহফুজুর রহমান রানা, সাধারণ সম্পাদক ড. সাইফ উদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ নয়ন মিত্র, ব্যবস্থাপনা কমিটির সদস্য মলয় সরকার, জাহিদ করিম এবং মাহমুদ হাসান মিলন।
এছাড়াও বাংলা সেন্টারের কার্যক্রমে অনুপ্রাণিত হয়ে নেটিজেনের পক্ষ থেকে অংশগ্রহণ করেন শেরন মিলার।

কিল্ট ওয়াকে সংগ্রহীত তহবিল গ্লাসগো বাংলা সেন্টারের উদ্যোগে আয়োজিত বিভিন্ন ধরনের সামাজিক দাতব্য কর্মসূচি বিশেষত শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের সাহায্যার্থে ব্যবহৃত হবে বলে জানায় অংশগ্রহণকারী বাংলা সেন্টারের ট্রেজারার নয়ন মিত্র।
বাংলা সেন্টারের বর্তমান সভাপতি মাহফুজুর রহমান রানা বাংলা স্কুলের কোমলমতি ছাত্র-ছাত্রীদের এই মহৎ উদ্যোগে সাড়া দিতে তহবিল সংগ্রহের শেষ তারিখ আগামী ৪ অক্টোবরের মধ্যে স্কটল্যান্ডে বসবাসকারী বাংলাদেশীসহ সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।