গাজীপুরে ৭ হাজার ৮০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

গাজীপুর কণ্ঠ ডেস্ক : মহানগরের সালনা এলাকায় অভিযান চালিয়ে ৭ হাজার ৮০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

শুক্রবার (২৯ অক্টোবর) রাতে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- নড়াইলের লোহাগড়া থানার মৌলভী ধানারই এলাকার বায়োজিদ হোসেন তুহিন (৪২) এবং তার স্ত্রী পারভীন আক্তার (২৩)।

গাজীপুর মেট্রোপলিটন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, সালনা এলাকার গিয়াস উদ্দিনের বাড়িতে ভাড়া থাকতেন ওই দম্পতি। তাদের ফ্লাটে ইয়াবা বিক্রি করা হচ্ছে এমন খবর পেয়ে সেখানে অভিযান চালায় মহানগর গোয়েন্দা পুলিশ। পরে আলমারীর ভেতরে পলিথিন ব্যাগে ৭৮০০ পিস ইয়াবা পাওয়া য়ায়। যার আনুমানিক মূল্য ২৩ লাখ ৪০ হাজার টাকা। তাদের গ্রেফতার করে গাজীপুর সদর থানায় সোপর্দ করা হয়েছে।

তিনি জানান, এ ঘটনায় মহানগর গোয়েন্দা পুলিশের (দক্ষিণ) এসআই মো. আবুল হাসান বাদী হয়ে গাজীপুর সদর থানায় মামলা করেছেন। শনিবার তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য: গ্রেফতারদের মধ্যে তুহিনের নামে (২০১৮ সাল) ঢাকার উত্তরা ও ভাটারা থানা এবং জয়দেবপুর থানায় (২০১৭ সাল) মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। পারভীনের বিরুদ্ধে (২০১৩ সাল) কিশোরগঞ্জের কুলিয়ারচর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রয়েছে।