কালিয়াকৈর থানার হত্যা মামলায় বৈশাখী টিভির ডিএমডি টিপু আলম মিলনকে কারাগারে

শনিবার বিকেলে ঢাকার মহাখালী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কালিয়াকৈর থানার হত্যা মামলায় বৈশাখী টিভির ডিএমডি টিপু আলম মিলনকে কারাগারে

গাজীপুর কণ্ঠ ডেস্ক 

কালিয়াকৈর থানায় করা একটি হত্যা মামলায় বেসরকারি টেলিভিশন চ্যানেল বৈশাখীর উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। 

রবিবার (২২ নভেম্বর) আদালতের আদেশে তাকে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, ২০২৪ সালে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ঘটা একটি হত্যাকাণ্ডের অভিযোগে করা মামলায় তিনি আসামি। মামলার বাদী কালিয়াকৈরের মহিষবাথান এলাকার বাসিন্দা স্বপন মণ্ডল। এজাহারে টিপু আলম মিলনের অবস্থান ১৯ নম্বর আসামি হিসেবে।

পুলিশ সূত্র বলছে, শনিবার বিকেলে ঢাকার মহাখালী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বনানী থানায় তার বিরুদ্ধে নতুন কোনো মামলা হয়নি। তবে জাতীয় পরিচয়পত্র যাচাই করার সময় পুলিশ দেখতে পায়, কালিয়াকৈরের ওই মামলায় তার নাম আছে।

কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) সহিদুল ইসলাম সংবাদমাধ্যমকে বলেছেন, শনিবার রাতে বনানী থানা থেকে তাদের বিষয়টি জানানো হয়। এরপর রাতেই কালিয়াকৈর থেকে পুলিশ পাঠিয়ে তাকে থানায় আনা হয়। রবিবার তাকে গাজীপুর আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর আদেশ হয়।

ওসি জানান, মামলাটি ২০২৪ সালের ১৩ ডিসেম্বর দায়ের হয়। পুলিশের তথ্য অনুযায়ী, এতে অন্তত দেড়শো জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বিতীয় ও তৃতীয় আসামি যথাক্রমে ওবায়দুল কাদের ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। আসামিদের মধ্যে আরও আছেন সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও গাজীপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম মোজাম্মেল হক।