গাজীপুর কণ্ঠ ডেস্ক : রেলওয়ের টিকিট সশরীরের পাশাপাশি অনলাইনেও পাওয়া যায়। কিন্তু অনলাইন টিকিটে সবকিছু ইংরেজিতে লিখা থাকায় অনেকের পড়তে হতো অসুবিধা।
বিষয়টি রেলওয়ে কর্তৃপক্ষের নজরে আসার পর যাত্রীদের সুবিধার্থে ইংরেজির পাশাপাশি এখন থেকে রেলওয়ের টিকিটে বাংলায়ও বিবরণী থাকবে।
শনিবার (৩০ অক্টোবর) থেকে শুরু হয়েছে এ কার্যক্রম।
রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) আনসার আলী সংবাদ মাধ্যমকে বলেন, শনিবার থেকে আমাদের অনলাইন টিকিটে ইংরেজির পাশাপাশি বাংলায়ও লেখা থাকবে। আমি তদারকি করে দেখছি রেলওয়ের টিকিট ইংরেজির পাশাপাশি বাংলায় রয়েছে। এতে করে সকল যাত্রীদের বুঝতে সুবিধা হবে।
বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. সাজ্জাদ হোসেন সংবাদ মাধ্যমকে বলেন, আমাদেরও দীর্ঘদিনের দাবি ছিল। আমরাও বেশ কয়েকবার রেলওয়ে কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেছি। এখন এটি করার কারণে যাত্রীদের সুবিধা হবে। আগে অনেকেই ইংরেজি পড়তে অসুবিধা হতো। পাশের যাত্রীদের কাছে ধর্ণা দিতে হতো। এখন নিজেরাই যাত্রীদের আসন ও সময় খুঁজে নিতে পারবে।