গাজীপুর কণ্ঠ ডেস্ক : শ্রীপুরে পিকআপ ভ্যানের চাপায় ফুটপাতে দাঁড়িয়ে থাকা তিন পথচারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ২০ মিনিটের দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রীপুরের এমসি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ময়মনসিংহ জেলার পাগলার থানার দেউলপাড়া গ্রামের মৃত শহর আলীর চেলে তোফাজ্জল হোসেন (৩৫), চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার পাইকপাড়া গ্রামের মো. আবুল হোসেনের ছেলে আব্দুল মজিদ জনি (৩২) ও খুলনা জেলার পাইকগাছা থানার ফতেহপুর গ্রামের আব্দুল হকের ছেলে ইব্রাহীম হাবিব (৩২)।
হতাহতরা শ্রীপুর পৌরসভার দুই নম্বর সিএন্ডবি বাজার এলাকায় ভাড়া থেকে স্থানীয় বিভিন্ন বাজারে ভ্রাম্যমাণ দোকানে করে তসবি, জায়নামাজ, সুগন্ধি ও টুপিসহ বিভিন্ন পণ্য বিক্রি করতেন।
মাওনা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) হাদিউল ইসলাম বলেন, বৃহস্পতিবার রাতে একটি ওয়াজ মাহফিল থেকে ফিরে চারজন এমসি বাজার এলাকায় ফুটপাতে দাঁড়িয়ে ছিলেন। এ সময় ঢাকাগামী বেপরোয়া গতির একটি মুরগীবোঝাই পিকআপ ভ্যান তাদের চাপা দিলে জনি ও ইব্রাহীম ঘটনাস্থলেই মারা যায়। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যান তোফাজ্জল। এ ঘটনায় আহত একজনের পরিচয় জানা যায়নি।
মাওনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন জানায়, ঘটনাস্থল থেকে পিকআপ ভ্যানটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।