গাজীপুর কণ্ঠ ডেস্ক : টানা তৃতীয়বারের মতো নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী সেলিনা হায়াৎ আইভী। ১৯২ কেন্দ্রের প্রাপ্ত ফল অনুযায়ী, তিনি এক লাখ ৬১ হাজার ২৭৩ ভোট পেয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকার হাতি প্রতীকে পেয়েছেন ৯২ হাজার ১৭১ ভোট। আইভী ও তৈমুরের ভোটের ব্যবধান ৬৯ হাজার ১০২।
রোববার (১৬ জানুয়ারি) রাতে বেসরকারি ফলের এই তথ্য নিশ্চিত করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা মতিয়ুর রহমান। এর আগে সকাল ৮টায় ভোট শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত চলে।
উল্লেখ্য, ২০১১ ও ২০১৬ সালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হয়েছিলেন আইভী। এই নিয়ে টানা তৃতীয়বারের মতো নারায়ণগঞ্জ সিটির অভিভাবকের পদে আসীন হচ্ছেন তিনি।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে প্রায় ৫০ শতাংশ ভোট পড়েছে বলে মনে করছে নির্বাচন কমিশন (ইসি)।
পুরো সিটির নির্বাচনই এবার ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) হয়েছে। বড় ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা ছাড়াই শেষ হয় ভোটগ্রহণ। তবে কয়েকটি কেন্দ্রে কাউন্সিলর প্রার্থীদের সমর্থকদের মধ্যে কিছুটা উত্তেজনা সৃষ্টি হলেও আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে।