গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জ বাজারে পণ্যে পাটজাত মোড়ক (ব্যাগ) ব্যবহার না করায় চার প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুরে মোবাইল কোর্ট পরিচালনা এ জরিমানা করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাফছা নাদিয়া।
জানা গেছে, কালীগঞ্জ বাজারে বিভিন্ন প্রতিষ্ঠানে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার নিশ্চিত করতে অভিযান পরিচালনা করা হয়। সে সময় পণ্যে পাটজাত মোড়কের বদলে প্লাস্টিকের ব্যাগ ব্যবহারের দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে চার দোকান মালিককে মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এদের মধ্যে মেসার্স জামান স্টোরকে ৫ হাজার, বিসমিল্লাহ স্টোরকে ২ হাজার, মেসার্স রতন স্টোরকে ২ হাজার এবং চাঁন মোহন স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাফছা নাদিয়া বলেন, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহারের নিয়ম থাকলেও কালীগঞ্জ বাজারে চারটি দোকানে প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করছিল। সে সময় তাৎক্ষণিক মোবাইল কোর্ট পরিচালনা করে ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক আইন, ২০১০’-এর ১৪ ধারা অনুযায়ী মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উল্লেখ্য: পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইনে ‘পোলট্রি’ ও ‘ফিস ফিড’ সংরক্ষণ ও পরিবহনে পাটের বস্তার ব্যবহার বাধ্যতামূলক। এছাড়াও ধান, চাল, গম, ভুট্টা, সার, চিনি, মরিচ, হলুদ, পেঁয়াজ, আদা, রসুন, ডাল, ধনিয়া, আলু, আটা, ময়দা, তুষ-খুদ-কুড়াসহ মোট ১৭টি পণ্যে পাটজাত মোড়কের ব্যবহার বাধ্যতামূলক। আইন অনুযায়ী পাটের মোড়ক ব্যবহার না করলে অনূর্ধ্ব এক বছর কারাদণ্ড বা অনধিক ৫০ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে। এ অপরাধ দ্বিতীয়বার কেউ করলে সর্বোচ্চ দণ্ডের দ্বিগুণ দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে।