নিজস্ব সংবাদদাতা : পূবাইলে একদিনের ব্যবধানে আরেক বাড়িতে হানা দিয়েছে ডাকাতদল। সে সময় ডাকাতরা ওই বাড়ি থেকে সাত ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৯০ হাজার টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।
বুধবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে হায়দারাবাদের শুকন্দিরভাগ এলাকার মশিউর রহমান বকুলের বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পূবাইল থানাধীন শুকন্দিরবাগ এলাকায় মধ্যরাতে ১০/১২ জনের একদল ডাকাত মশিউর রহমান বকুলের বাড়িতে হানা দেয়। ওই সময় মশিউর রহমানসহ তার পরিবারের সবাই ঘুমিয়ে ছিল। এক পর্যায়ে ঘরের তালা খুলে ডাকাতরা ঘরের ভেতর প্রবেশ করে। পরে বাড়ির লোকজন চিৎকারের চেষ্টা করলে অস্ত্রের মুখে তাদের সবাইকে জিম্মি করে। এ সময় ডাকাতরা ঘর থেকে সাত ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৯০ হাজার টাকা, একটি ল্যাপটপ ও দু’টি মোবাইলসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
সত্যতা নিশ্চিত করে পূবাইল থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ূন কবির বলেন, উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
উল্লেখ্য: এর আগে মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে পূবাইলের খিলগাঁও এলাকায় নারায়ণগঞ্জের ফতুল্লা রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (এসিল্যান্ড) আবুবকর সরকারের পৈত্রিক বাড়ির জানালার গ্রিল কেটে বাড়ির তত্ত্বাবধায়ককে বেঁধে রেখে স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র লুটে নিয়েছে ডাকাতরা।
আরো জানতে……..
পূবাইলে জানালার গ্রিল কেটে এসিল্যান্ডের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণালঙ্কার-নগদ টাকা লুট