সয়াবিনের টেকসই চাষে জাপানের গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের চুক্তি

দুই প্রতিষ্ঠান এক দশকের বেশি সময় ধরে একসঙ্গে গবেষণা করছে। নতুন চুক্তি সেই ধারারই অংশ।

সয়াবিনের টেকসই চাষে জাপানের গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের চুক্তি

বিশেষ প্রতিনিধি

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) ও জাপানের আন্তর্জাতিক কৃষিবিজ্ঞান গবেষণা কেন্দ্র (জিরকাস) বাংলাদেশে সয়াবিন চাষ আরও পরিবেশবান্ধব ও জলবায়ু-সহনশীল করতে যৌথ গবেষণার চুক্তি করেছে। দেশের খাদ্য ও প্রাণিখাদ্যের নিরাপত্তা জোরদার করাও এর লক্ষ্য।

বৃহস্পতিবার (০৫ নভেম্বর) গাকৃবির জনসংযোগ বিভাগের সেকশন অফিসার মো. রনি ইসলাম জানান, বুধবার (০৪ নভেম্বর) উপাচার্যের কার্যালয়ে এক অনুষ্ঠানে চুক্তিতে সই হয়।

গাকৃবির পক্ষে সই করেন উপাচার্য অধ্যাপক ড. জিকেএম মোস্তাফিজুর রহমান, আর জিরকাসের পক্ষে প্রোগ্রাম পরিচালক ড. কেইসুকে ওমোরি।

চুক্তির আওতায় রোগ প্রতিরোধী সয়াবিনের জাত এবং প্রয়োজন অনুযায়ী ছত্রাকনাশক ব্যবহারকে একসঙ্গে কাজে লাগিয়ে পরিবেশবান্ধব রোগ দমনের পদ্ধতি গড়ে তোলা হবে।

গাকৃবির কর্মকর্তারা জানান, দুই প্রতিষ্ঠান এক দশকের বেশি সময় ধরে একসঙ্গে গবেষণা করছে। নতুন চুক্তি সেই ধারারই অংশ।

জিরকাসের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ গবেষক ড. ইয়ামানাকা নাওকি ও ড. সাসাকি কাজুহিরো। গাকৃবির পক্ষে উপস্থিত ছিলেন পরিচালক (গবেষণা) অধ্যাপক ড. মো. মসিউল ইসলাম, প্রকল্পের প্রধান গবেষক অধ্যাপক ড. মো. মোতাহের হোসেন, পরিচালক (আইকিউসি) অধ্যাপক ড. নাসরীন আক্তার আইভী এবং জেনেটিকস অ্যান্ড প্ল্যান্ট ব্রিডিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. লিয়াকত আলী।