গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জ বাইপাস সড়কে সিএনজি চালিত একটি ইজিবাইকের সঙ্গে অজ্ঞাত লড়ির মুখোমুখি সংঘর্ষে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৫ জন।
সোমবার (৩ অক্টোবর) সন্ধ্যায় কালীগঞ্জ বাইপাস সড়কের টেকপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম সুলতান (২৩)। তিনি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানার ধর্মমন্ডল এলাকার কাজলের স্ত্রী। প্রাপ্ততথ্য অনুযায়ী আহতের মধ্যে রয়েছে একই এলাকার পারভিন (২৩) ও সাজেদা (৩৫)। তাৎক্ষণিক অন্যদের পরিচয় পাওয়া যায়নি।
এর আগে সোমবার (৩ অক্টোবর) বেলা সোয়া ১১টার দিকে টঙ্গী-ভৈরব রেল সড়কে থাকা অরক্ষিত নলছাটা রেলক্রসিং অতিক্রম করার সময় ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারে থাকা “সাইফ পাওয়ার টেকে”র প্রধান পার্সেস কর্মকর্তা সোহেল হাসিব খাঁনের (৫২) মৃত্যু হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, কালীগঞ্জ বাইপাস সড়ক দিয়ে সন্ধ্যায় সিএনজি চালিত একটি ইজিবাইক যাত্রী নিয়ে টঙ্গীর দিকে যাচ্ছিল। আনুমানিক সন্ধ্যা পৌণে ৭টার দিকে ইজিবাইকটি টেকপাড়া নামক এলাকা অতিক্রম করছিল। একই সময়ে বিপরীত দিক থেকে আসা অজ্ঞাত একটি লড়ির সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইকে থাকা এক নারীর মৃত্যু হয় এবং চালকসহ অন্য যাত্রীরা আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাসফিয়া আশরাফি বলেন, সন্ধ্যা ৭টা ২০ মিনিটে মৃত্যু অবস্থায় সুলতান নামে এক নারীকে হাসপাতালে আনা হয়েছে। এছাড়াও গুরুতর আহত আরো পাঁচ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় রেফার্ড করা হয়েছে।
সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মাজহারুল হক বলেন, দুর্ঘটনার পর কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়াও আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় রেফার্ড করা হয়েছে। নিহতের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
কালীগঞ্জে অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় সাইফ পাওয়ার টেকের কর্মকর্তার মৃত্যু