যাত্রীবাহী বাস উল্টে পুকুরে, শিশুসহ অন্তত ১৩ জন নিহত

যাত্রীবাহী বাস উল্টে পুকুরে, শিশুসহ অন্তত ১৩ জন নিহত

গাজীপুর কণ্ঠ ডেস্ক : ঝালকাঠির ছোট্টকান্দায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে পুকুরে পড়ে যাওয়ার ঘটনায় শিশুসহ ১৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

শনিবার (২২ জুলাই) সকাল সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে।

এতে আরও ১৭ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

স্থানীয়রা জানান, ঝালকাঠির উদ্দেশ্যে ছেড়ে আসা বাসটি ছত্রকান্দা এলাকায় আসার পর একটি অটোরিকশাকে পাশ কাটাতে যায়। এ সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি উল্টে সড়কের পাশে থাকা একটি পুকুরে পড়ে যায়।

খবর পেয়ে স্থানীয় লোকজনের সহায়তায় ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। এখন পর্যন্ত ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া জীবিত উদ্ধার করা হয়েছে ১৭  জনকে। ভেতরে আরও কেউ আছে কি না তা দেখতে এখনো তল্লাশি চালানো হচ্ছে।

বাসটিতে ঠিক কতজন যাত্রী ছিলেন তা জানা যায়নি। ক্রেন দিয়ে গাড়িটি তোলার চেষ্টা করছে পুলিশ।

বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন ঝালকাঠির সিভিল সার্জন জহুরুল ইসলাম।

এ ঘটনার পর থেকে ঝালকাঠি-খুলনা সড়কে যানচলাচল বন্ধ রয়েছে।