গাজীপুর কণ্ঠ ডেস্ক
ঢাকার ভাটারা এলাকায় একটি বাড়িতে মাদকবিরোধী অভিযানে ২৬ জন নারীসহ ৮৫ জনকে আটক করেছে পুলিশ।
বাড়িটির মালিক পুলিশের অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহির। অভিযানের পর তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) সংবাদ মাধ্যমকে জানিয়েছে, সোমবার মধ্যরাতে পুলিশ হাউজিং-১ আবাসিক এলাকার তিনতলা ওই বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে ডিজে পার্টির আয়োজন করে অবৈধভাবে মাদক সেবন করা হচ্ছিল বলে তারা জানায়। অভিযানে গাঁজা, ইয়াবা, মদ ও ইয়াবা সেবনের সরঞ্জাম জব্দ করা হয়েছে।
ডিবির সূত্র সংবাদ মাধ্যমকে বলছে, আন্তর্জাতিক অনলাইন মার্কেটপ্লেস এয়ারবিএনবির মাধ্যমে বাড়িটি ভাড়া দিয়েছিলেন আব্দুল্লাহ আল জহির। ভাড়া নেওয়ার পর একটি চক্র সেখানে ডিজে পার্টির আয়োজন করে মাদক বিক্রি ও সেবন করে আসছিল।
ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম সংবাদ মাধ্যমকে বলেন, অনলাইনের মাধ্যমে বাড়িটি ভাড়া দেওয়া হয়েছিল এবং ভাড়াটেরা সেটি মাদকসংক্রান্ত কাজে ব্যবহার করতেন। আটক ব্যক্তিদের বিচারের মাধ্যমে সাজা দেওয়া হবে বলে তিনি জানান।

ডিবির অভিযান।
সাংবাদিকদের কাছে অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহির দাবি করেন, বাড়ি ভাড়া দিলেও সেখানে মাদক ব্যবসা ও সেবনের বিষয়ে তিনি অবগত ছিলেন না।
মঙ্গলবার বিকেলে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি (কনফিডেনশিয়াল) মোহাম্মদ শরীফ উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে আব্দুল্লাহ আল জহিরকে প্রত্যাহারের তথ্য জানানো হয়। তিনি পুলিশ সদর দপ্তরের মেইনটেন্যান্স অ্যান্ড রিপেয়ার শাখায় কর্মরত ছিলেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আটকদের মধ্যে যাদের বিরুদ্ধে মোবাইল কোর্টে বিচারযোগ্য অপরাধের উপাদান পাওয়া গেছে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী সংক্ষিপ্ত বিচার কার্যক্রম পরিচালনা করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হওয়া সাপেক্ষে শাস্তি দেওয়া হয্রম চলছে।
আটক নারীদের সংশ্লিষ্টতার বিষয়টিও যাচাই করা হচ্ছে। কারও বিরুদ্ধে অভিযোগের প্রমাণ না পাওয়া গেলে বা বয়স ও সংশ্লিষ্টতার বিষয় বিবেচনায় প্রয়োজন হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তবে কয়েকজন তরুণীকে মুচলেকা নিয়ে পরিবারের কাছে হস্তান্তরের বিষয়টিও বিবেচনায় রয়েছে বলে ডিবি সূত্র জানিয়েছে।