নিজস্ব সংবাদদাতা : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ আসনে নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন গাজীপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, সাবেক এমপি ও ডাকসুর সাবেক ভিপি বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান। এ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনীত নৌকার প্রার্থী বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি’র (এমপি) সঙ্গে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়বেন আখতারুজ্জামান।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ আজিজুর রহমানের কার্যালয়ে গিয়ে তাঁর হাতে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

স্বতন্ত্র প্রার্থী আখতারুজ্জামানের কর্মী-সমর্থকরা জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে প্রথমে তুমুলিয়ার দক্ষিণ সোম গ্রাম পারিবারিক কবরস্থানে গিয়ে বাবা-মায়ের কবর জিয়ারতের করেন স্বতন্ত্র প্রার্থী আখতারুজ্জামান। পরে কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ আজিজুর রহমানের কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সে সময় কালীগঞ্জ উপজেলা চত্বরে প্রায় কয়েক এক হাজার কর্মী-সমর্থক জড়ো হয়। মনোনয়নপত্র জমা দেয়ার পর আখতারুজ্জামানের নেতৃত্বে তাঁরা কর্মী-সমর্থকরা আনন্দ মিছিল নিয়ে উপজেলা চত্বর থেকে কালীগঞ্জ বাজার হয়ে আড়িখোলা মোড়ে যায়। পরে কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে সমাবেশ শেষ করেন স্বতন্ত্র প্রার্থী আখতারুজ্জামান।
জানা গেছে, গত মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে গাজীপুর-৫ আসনের নির্বাচনী কার্যালয় থেকে বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামানের পক্ষ থেকে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ করেন তাঁর বাইপো সুপ্রিম কোর্টের আইনজীবী রায়হান কবির ও কর্মী-সমর্থকরা।

গাজীপুর-৫ আসনে চতুর্থবারের মতো আওয়ামী লীগ প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি (এমপি)। এ আসন থেকে নির্বাচনে অংশ নিতে মেহের আফরোজ চুমকি ছাড়াও মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এম এম নিয়াজ উদ্দিন (জাতীয় পার্টি), উর্মি (বাংলাদেশ সুপ্রিম পার্টি), মো. আল আমিন দেওয়ান (ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ), মো. সোহেল মিয়া (গণফোরাম), মোহাম্মদ তরিকুল ইসলাম আকন্দ (জাতীয় সমাজতান্ত্রিক দল) এবং এএসএম মনিরুজ্জামান (জাকের পার্টি)।
এ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান ছাড়াও মনোনয়নপত্র সংগ্রহ করেছেন কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আমজাদ হোসেন স্বপন এবং কালীগঞ্জ উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম।
উল্লেখ্য : তফসিল অনুযায়ী নির্বাচনে প্রার্থী হতে রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে। তা বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে আপিল করা যাবে ৫ থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত। আপিল নিষ্পত্তি করতে হবে ১০ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে। আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের পর ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ হবে। আর প্রচার শেষ করতে হবে ভোটের ৪৮ ঘণ্টা আগে। ভোট গ্রহণ হবে ৭ জানুয়ারি।
সর্বশেষ তথ্য অনুযায়ী, কালীগঞ্জ উপজেলা, গাজীপুর সিটি কর্পোরেশনের ৪০, ৪১ ও ৪২নং ওয়ার্ড এবং গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়ন নিয়ে গঠিত গাজীপুর-৫ আসন। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩২ হাজার ৫৫৬ জন। তাঁদের জন্য মোট ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে ১২৪ টি।
আরো জানতে……
নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন মেহের আফরোজ চুমকি
গাজীপুর-৫ আসনে মনোনয়ন সংগ্রহ করেছে ৮ প্রার্থী
স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন আখতারুজ্জামান, নৌকার প্রার্থী চুমকি