গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের প্রায় ৮০টি দেশে ভ্রমণ সতর্কতা জারি করেছে ইসরায়েল।
সোমবার (৪ ডিসেম্বর) রাষ্ট্রীয় এক বিবৃতিতে এ বিষয়ে বার্তা দেয় তেল আবিবের জাতীয় প্রতিরক্ষা প্রশাসন (এনএসসি)। খবর আনাদোলু।
হামাস ও ইরানের ‘হুমকি’ ও বিশ্বজুড়ে ‘ইহুদি বিদ্বেষের’ ফলে এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছে এনএসসি। নাগরিকদের আগামী কয়েক সপ্তাহ সতর্কতা অবলম্বন করতে বলেছে প্রশাসন। বিশেষ করে যারা দেশের বাহিরে বিভিন্ন স্থানে ভ্রমণে রয়েছেন তাদের নিরাপত্তা নীতিমালা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
নতুন নিরাপত্তা নির্দেশনায় আরব দেশসহ উত্তর ককেশাস অঞ্চলকে উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করেছে প্রতিরক্ষা বিভাগ। ঝুঁকি অনুসারে, দেশগুলোকে কয়েকটি লেভেলে ভাগ করা হয়েছে। আরব দেশগুলোর তুলনায় কম ঝুঁকিপূর্ণ তালিকায় রয়েছে পশ্চিম ইউরোপীয় দেশ যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, রাশিয়া, ব্রাজিল, আর্জেন্টিনা ও অস্ট্রেলিয়া।
সতর্কতা অনুসারে তৃতীয় লেভেলে রয়েছে দক্ষিণ আফ্রিকা, ইরিত্রিয়া, উজবেকিস্তান, তুর্কেমেনিস্তান, কাজাখস্তান ও কিরগিজস্তান।
হামাসের অতর্কিত হামলার পরপরই গত ৭ অক্টোবর গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। ইসরায়েলিরা দাবি করে আসছিল, উত্তরাঞ্চলে হামাসের শক্তিশালী ঘাঁটি রয়েছে। সে অনুযায়ী, উত্তরাঞ্চলে ব্যাপক হামলা চালায় তারা। এবার দক্ষিণাঞ্চলেও হামলা চালাচ্ছে। কিন্তু হামাসের ঘাঁটি ধ্বংসের সুনির্দিষ্ট কোনো প্রমাণ দিতে পারেনি।
এসব হামলায় গাজায় এখন পর্যন্ত প্রায় ১৬ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের মধ্যে প্রায় ১১ হাজারই নারী ও শিশু। আহত হয়েছেন হাজার হাজার।