কালীগঞ্জে মশাল মিছিলের প্রস্তুতি, ধাওয়া দিয়ে যুবদল নেতাকে ধরলো যুবলীগ‌ নেতা

কালীগঞ্জে মশাল মিছিলের প্রস্তুতি, ধাওয়া দিয়ে যুবদল নেতাকে ধরলো যুবলীগ‌ নেতা

নিজস্ব সংবাদদাতা : অবরোধের সমর্থনে ও এলাকায় আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে কালীগঞ্জে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা মশাল মিছিলের প্রস্তুতির নেয়। এমন সময় তাদের ধাওয়া দিয়ে গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সফিকুজ্জামান সোহেল শেখকে (৪৩) আটক করে যুবলীগ নেতারা। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কালীগঞ্জ-নাগরী সড়কের চুয়ারিখোলা এলাকা থেকে তাকে আটক করা হয়েছে।

আটক সফিকুজ্জামান সোহেল শেখ জামালপুর ইউনিয়নের ছৈলাদী (খাগড়াচর) এলাকার মৃত আজিজ উল্লাহ শেখ ছেলে এবং কালীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বাবলুর ভাই।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপির ডাকা অবরোধের সমর্থনে ও এলাকায় আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে মঙ্গলবার সন্ধ্যায় ৭টার দিকে বিএনপি ও অঙ্গ সংগঠনের ২৫-৩০ জন নেতা-কর্মী মশাল মিছিল করার জন্য প্রস্তুতি নিয়ে কালীগঞ্জ-নাগরী সড়কের চুয়ারিখোলা মোড়ে জড়ো হয়। একই সময়ে ওই সড়ক দিয়ে কালীগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী হারুন-অর-রশিদ টিপু যুবলীগের আরো কয়েকজন নেতা-কর্মীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে মানিকপুর যুবলীগের অফিসের দিকে যাচ্ছিলেন। সে সময় দূর থেকে একসঙ্গে অনেক লোকের সমাগম দেখে তাদের কাছে এগিয়ে যায় যুবলীগ নেতারা। পরে তাদের এগিয়ে যেতে দেখে বিএনপি’র নেতা-কর্মীরা পালিয়ে যায়। পরে তাদের ধাওয়া করে একজনকে ধরে ফেলে যুবলীগ নেতা কাজী হারুন-অর-রশিদ টিপু। পরে যুবদল নেতা তার পরিচয় দেয় এবং স্বীকার করে যে তারা সিনিয়র নেতাদের নির্দেশে মশাল মিছিল করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। এদিকে এ ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন জড়ো হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মশাল মিছিলের জন্য বিএনপি নেতা-কর্মীদের আনা সরঞ্জাম ও ফেলে যাওয়া দুটি মোটরসাইকেল জব্দ করে। এছাড়াও সে সময় স্থানীয়দের উপস্থিতিতে আটক যুবদল নেতা সোহেলকে পুলিশের কাছে সোপর্দ করেছে যুবলীগ নেতারা।

আটক সফিকুজ্জামান সোহেল শেখ

সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী হারুন-অর-রশিদ টিপু বলেন, নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে সন্ধ্যায় কালীগঞ্জ-নাগরী সড়ক হয়ে মানিকপুর যুবলীগের অফিসে যাওয়ার পথে চুয়ারিখোলা মোড় এলাকায় ২৫-৩০ জন লোকের জটলা দেখে এগিয়ে যাই। সে সময় আমাদের এগিয়ে যেতে দেখে তারা দৌড়ে পালিয়ে যায়। পরে তাদের ধাওয়া করে একজনকে ধরতে সক্ষম হই। পরে তিনি নিজেকে যুবদলের নেতা বলে পরিচয় দেন।‌ এছাড়াও মশাল মিছিল করার আনা সরঞ্জাম ও পালিয়ে যাওয়া বিএনপির নেতাকর্মীদের ফেলে যাওয়া দুটি মোটরসাইকেল পাওয়া গেছে।

তিনি আরো জানান, আটক যুবদল নেতা স্বীকার করেছে বিএনপির সিনিয়র নেতাদের নির্দেশে বিএনপির নেতাকর্মীরা মশাল মিছিল করার জন্য এই এলাকায় জড়ো হয়ে প্রস্তুতি নিচ্ছিলো। এ খবর পেয়ে আমাদের দলের সিনিয়র নেতারাসহ এলাকার লোকজন এবং পুলিশ ঘটনাস্থলে এসে জড়ো হয়। পরে সকলের উপস্থিতিতে যুবদল নেতাকে পুলিশে সোপর্দ করা হয়েছে। এছাড়াও মশাল মিছিলে ব্যবহারের জন্য আনা সরঞ্জাম ও দুটি মোটরসাইকেল জব্দ করে থানায় নিয়ে গেছে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রাজীব চক্রবর্তী বলেন, আটক যুবদল নেতার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।