গাজীপুরে দুই ভোটকেন্দ্রসহ তিন স্কুলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

গাজীপুরে দুই ভোটকেন্দ্রসহ তিন স্কুলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুর মহানগর ও কালিয়াকৈরে তিনটি প্রাথমিক বিদ্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এরমধ্যে দুইটি স্কুল ভোটকেন্দ্র হিসেবে নির্ধারিত।

নির্বাচন উপলক্ষে নাশকতা সৃষ্টির লক্ষ্যে শুক্রবার (৫ জানুয়ারি) দিবাগত রাতে ও শনিবার সকালে দুর্বৃত্তরা ভোটকেন্দ্র ও স্কুলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

জানা গেছে, আগুনে পুড়ে যাওয়া স্কুলের মধ্যে রয়েছে ভোটকেন্দ্র হিসেবে নির্ধারিত মহানগরের ১৭ নং ওয়ার্ডে অবস্থিত পূর্ব চান্দনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কালিয়াকৈর উপজেলার বাঁশতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়। এছাড়াও ১৮ নং ওয়ার্ডে অবস্থিত টিএনটি সরকারী প্রাথমিক বিদ্যালয়। টিএনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত সিটি নির্বাচনে ভোটকেন্দ্র ছিল। তবে এবার সেটি ভোটকেন্দ্রের তালিকায় রাখা হয়নি।

টিএনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়।

টিএনটি স্কুলের প্রধান শিক্ষক ওসমান আলী বলেন, রাত ৩ টার দিকে স্কুল থেকে নৈশ প্রহরী আমাকে ফোন দিয়ে বলেছে স্কুলে আগুন লেগেছে। তাৎক্ষণিক আমি ৯৯৯ ফোন দেই। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিস ও গাজীপুর মর্ডান ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ততক্ষণে স্কুলের ৯ টি কক্ষ পুড়ে যায় । এতে প্রায় ৫০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ওই প্রধান শিক্ষক।

গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, আগুনে পূর্ব চান্দনা সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের আংশিক পুড়ে যায় এবং টিএনটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৯ কক্ষ পুড়ে যায়। তিনি আরো বলেন, গত সিটি করপোরেশন নির্বাচনের সময় টিএনটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্র ছিলো। এবার স্কুলটিতে ভোট কেন্দ্র ছিলো না।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, আমরা ১ টা ২৪ মিনিটে খবর পেয়ে পূর্ব চান্দনা বিদ্যালয়ে যাই৷ পরে ঘটনাস্থলে গিয়ে ৪ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তবে টিএনটি সরকারি বিদ্যালয়ে চান্দনা মর্ডাণ ফায়ার স্টেশনের ২ টি ইউনিট কাজ করে। ধারণা করা হচ্ছে স্কুলের জানালা দিয়ে পেট্রোল দিয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

কালিয়াকৈরের ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার রায়হান চৌধুরী বলেন, মৌচাক ইউনিয়নের বাঁশতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের সংবাদ পেয়ে সকাল ৮ টার দিকে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে রওনা হয়। পরে ঘটনাস্থল পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে স্কুলের প্রধান শিক্ষকের কক্ষ ও আসবাবপত্র পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে নির্বাচন উপলক্ষে নাশকতা সৃষ্টির লক্ষ্যে দুর্বৃত্তরা এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে।