স্বতন্ত্র এমপিরা স্বতন্ত্রই থাকবেন: ওবায়দুল কাদের

স্বতন্ত্র এমপিরা স্বতন্ত্রই থাকবেন: ওবায়দুল কাদের

গাজীপুর কণ্ঠ ডেস্ক : এবারের সংসদে স্বতন্ত্র হিসেবে বিজয়ী ৬২ জন এমপি স্বতন্ত্র হিসেবেই সংসদে ভূমিকা পালন করবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, স্বতন্ত্র এমপিরা স্বতন্ত্রই থাকবেন। তবে তারা সরকারের গঠনমূলক সমালোচনা করতে পারবেন। এই বিষয়টা আমাদের সংসদ নেতা, দলের সভাপতি পরিষ্কারভাবে বলেছেন।

রোববার (২৮ জানুয়ারি) রাতে গণভবনে স্বতন্ত্র এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, দ্বাদশ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের নৌকা প্রতীক ও স্বতন্ত্র প্রার্থীদের বিভিন্ন মার্কার কিছু সংঘাত, সহিংসতা, অন্তকলহ, এসব বিষয় রয়েছে। কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে অবাঞ্ছিত ঘটনা ঘটছে। এটা আর হতে দেওয়া যাবে না, নেত্রী আমাদের সবাইকে বলেছেন। তারা দাবি করেছেন আওয়ামী লীগই থাকতে চান। ভিন্ন কোনো নামে পরিচয় দিতে গেলে তাদের বিবেক আবেগ আহত হয়।

প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, নিজেরা নিজেদের মধ্যে অন্তর্কলহ বিবেদ মিটিয়ে ফেলতে হবে। নির্বাচন ইশতেহার বাস্তবায়নে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, নারী সংরক্ষিত আসনে ব্যাপারে সংসদ নেতা শেখ হাসিনা যাদের মনোনীত করবেন তাদের প্রতি স্বতন্ত্রদের সমর্থন থাকবে, তারা সেটা ব্যক্ত করেছেন।

স্বতন্ত্র এমপিরা কোন হুইপের আওতায় থাকবেন জানতে চাইলে তিনি বলেন, চিফ হুইপ এ ব্যাপারে সংসদ নেতার সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নেবেন।

গত ৭ জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগ এককভাবে ২২৩টি আসন পেয়েছে। বিরোধী দল হিসেবে জাতীয় পার্টি মাত্র ১১টি আসন পায়। আর স্বতন্ত্র প্রার্থীরা ৬২ আসনে বিজয়ী হয়েছেন। স্বতন্ত্র এমপিদের মধ্যে ৫৯ জনই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। অনেকে দলের গুরুত্বপূর্ণ দায়িত্বেও রয়েছেন। এই অবস্থায় তাদের অবস্থান কী হবে, তারা সংসদে কী ভূমিকা রাখবেন সে সম্পর্কে নির্দেশনা দিতেই গণভবনে তাদের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী।

সন্ধ্যা পৌনে সাতটার দিকে গণভবনে অনুষ্ঠান শুরু হয়। চিফ হুইপ নূর-এ-আলম চৌধুরী অনুষ্ঠান সঞ্চালনা করেন। প্রথমে প্রধানমন্ত্রী স্বতন্ত্র সংসদ সদস্যদের নির্দেশনা দেন। কার্যপ্রণালী বিধি মেনে সংসদকে প্রাণবন্ত করার তাগিদ দেন সংসদ নেতা।