কালীগঞ্জে অটোরিকশা বাঁচানোর চেষ্টায় চালক নিজেও কাটা পড়লেন ট্রেনে

কালীগঞ্জে অটোরিকশা বাঁচানোর চেষ্টায় চালক নিজেও কাটা পড়লেন ট্রেনে

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জে অরক্ষিত রেল ক্রসিং অতিক্রম করার সময় হঠাৎ ট্রেন আসতে দেখে অটোরিকশা রক্ষার চেষ্টা করে ট্রেনে কাটা পড়ে সানি (২৮) নামে এক চালকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৬ আগস্ট) দুপুরে টঙ্গী-ভৈরব রেল সড়কের কালীগঞ্জের বালীগাঁও মোড়লবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটেছে।

নিহত অটোরিকশা চালক সানি কালীগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডের ভাদার্ত্তী এলাকার আজিজুলের বাড়িতে ভাড়ায় বসবাস করতো।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অটো চালক সানি অটোরিকশা যাত্রী নিয়ে দুপুর সাড়ে ১২টার দিকে বালীগাঁও মোড়লবাড়ি নামক স্থানে থাকা অরক্ষিত রেল ক্রসিং অতিক্রম করছিলো। একই সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর সুবর্ণ এক্সপ্রেস ট্রেন ওই ক্রসিং অভিমুখে আসছিলো। সে সময় অটোরিকশায় থাকা যাত্রীরা নেমে গেলেও অটো চালক সানি রেল ক্রসিং থেকে অটোরিকশা সরানোর চেষ্টা করছিল। সে সময় চলন্ত ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। সে সময় অটোরিকশাটি ভেঙ্গে চুরমার হয়ে গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোঃ শহিদুল্লাহ হিরু।