সৌদি আরবের দুই বিমানবন্দরে হামলায় নিহত ৩

ইয়েমেনে ইরান সমর্থিত হুতি ও সৌদি সমর্থিত সরকারি বাহিনীগুলোর মধ্যে লড়াই তীব্র হয়ে ওঠার মধ্যেই এসব হামলার ঘটনা ঘটেছে।

সৌদি আরবের দুই বিমানবন্দরে হামলায় নিহত ৩

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক 

সৌদি আরবের দুটি বিমানবন্দরে হামলার ঘটনায় অন্তত তিনজন নিহত ও ৩৬ জন আহত হয়েছেন বলে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে।

প্রতিবেশী ইয়েমেনে ইরান সমর্থিত হুতি ও সৌদি সমর্থিত সরকারি বাহিনীগুলোর মধ্যে লড়াই তীব্র হয়ে ওঠার মধ্যেই বুধবার ও মঙ্গলবার এসব হামলার ঘটনা ঘটেছে।

বুধবার (০৭ অক্টোবর) সৌদির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, রাজধানী রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে এক হামলায় একজন নিহত ও আরও আটজন আহত হয়েছেন। আর আভা বিমানবন্দরে আরেক হামলায় দুইজন নিহত ও আরও ২৮ জন আহত হয়েছেন।

পরপর দুই দিনে দুই হামলার ঘটনা ঘটলেও কোনটা কবে ঘটেছে, তা স্পষ্ট করেনি বিমান চলাচল কর্তৃপক্ষ ।

হুতিদের বিরুদ্ধে লড়াইরত সৌদি আরবের নেতৃত্বাধীন জোট বাহিনী এ হামলার প্রতিশোধ নেওয়ার প্রত্যয় জানিয়ে বলেছে, “হামলাকারীদের শাস্তি পেতেই হবে।”

বুধবার রাতে এক বিবৃতিতে জোট বাহিনী জানিয়েছে, তারা ইয়েমেনের সা’দা, হোদেইদাহ, জওফ ও মারিব প্রদেশে হুতিদের ৮০টিরও বেশি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে।

বুধবার সৌদি আরবের বিমান চলাচল অবকাঠামোর ওপর ধারাবাহিক হামলা চালানো হয়েছে। বিমানবন্দরগুলোও এসব হামলার অন্তর্ভুক্ত ছিল। ইরান সমর্থিত হুতিরা বারবার যুক্তরাষ্ট্রের মিত্র সৌদি আরবের বিমানবন্দর, তেল শোধনাগার ও তেল পাইপলাইনকে লক্ষ্যবস্তু করছে।

বুধবার সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনী জানিয়েছে, তারা রিয়াদের উত্তরে হুতিদের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে, কিন্তু কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির কথা জানায়নি। জোট বলেছে, হুতিদের নিয়ন্ত্রণে থাকা ইয়েমেনের রাজধানী সানা থেকে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়েছে আর তারা উৎক্ষেপণ মঞ্চটির দিকে নজর রাখছে এবং সেটিকে ধ্বংস করবে।

একইদিন হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে বলেছেন, তারা বেশ কয়েকটি ড্রোন দিয়ে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্যস্থল করেছে।

হুতিরা এদিন ভোরে ইয়েমেনের সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে থাকা দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর এডেনের আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছিল।

ইয়েমেনের বেশ কয়েকটি যুদ্ধক্ষেত্রে লড়াই তীব্র হয়ে ওঠার মধ্যেই এসব হামলার ঘটনা ঘটল। ইয়েমেনের সৌদি সমর্থিত সরকার হুতিদের বিরুদ্ধে ব্যাপক পাল্টা অভিযান শুরু করেছে। গত কয়েক সপ্তাহে হুতিরা ইয়েমেনের লোহিত সাগরীয় উপকূল থেকে সরকারি বাহিনীকে হটিয়ে পুরো অঞ্চলটি দখল করে নিয়েছিল। এসব অঞ্চল উদ্ধারে সৌদি জোটের বিমান হামলার ছত্রছায়ায় ইয়েমেনের সরকারি বাহিনী হুতিদের বিরুদ্ধে তীব্র লড়াইয়ে জড়িয়েছে।

ওই উপকূলীয় এলাকা পুনরুদ্ধার করতে পারলে লোহিত সাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল মান্দেব প্রণালি ও উপকূলীয় শহর মোখা ইরানপন্থি হুতিদের হাতছাড়া হবে।