কালীগঞ্জে যুবদল কর্মী হত্যা মামলায় যুবলীগ নেতা বাদল মিয়া গ্রেপ্তার

কালীগঞ্জে যুবদল কর্মী হত্যা মামলায় যুবলীগ নেতা বাদল মিয়া গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি : যুবদলের দুই কর্মী হত্যা মামলার এজাহারভুক্ত আসামি কালীগঞ্জ পৌর যুবলীগের সভাপতি ও সাবেক কাউন্সিলর বাদল মিয়াকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। 

বুধবার (৯ অক্টোবর) বিকেলে কালীগঞ্জ পৌরসভা কম্পাউন্ড থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার বাদল মিয়া পৌরসভার ৪নং ওয়ার্ডের টেকপাড়া এলাকার মৃত নাজিম উদ্দিনের ছেলে। তিনি কালীগঞ্জ পৌর যুবলীগের সভাপতি ও ৪নং ওয়ার্ডের সদ্য সাবেক কাউন্সিলর।

থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিকেল ৪টার দিকে কালীগঞ্জ পৌরসভা কম্পাউন্ড থেকে বাদল মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে কালীগঞ্জ থানায় হত্যা এবং বৈষম্য বিরোধী ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় মামলা রয়েছে। এর মধ্যে ২০১১ সালের ৬ মে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা যুবদলের সম্মেলনে যাওয়ার সময় কালীগঞ্জ খেয়া ঘাট এলাকায় শীতলক্ষ্যা নদীতে ট্রলারের গতিরোধ করে যুবদল কর্মী চৈতারপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে জামির হোসেনকে (৪০) এবং পলাশ উপজেলার ফিরিন্দা টেকপাড়া এলাকার আঃ আব্দুস সালামের ছেলে নাঈম হোসেনকে (২০) হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলার এজাহারভুক্ত ১৪ নাম্বার আসামি বাদল মিয়া। এছাড়াও গত ৪ আগস্ট বেলা ১১টার দিকে বালীগাঁও বাইপাস সড়কে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা মিছিল করার সময় হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার এজাহারভুক্ত ২৪ নাম্বার আসামি তিনি।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলাউদ্দিন বলেন, বাদল মিয়াকে হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে আরো একটি মামলা রয়েছে।

 

আরো জানতে…….

কালীগঞ্জে সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকিসহ ১১৪ নেতাকর্মীর বিরুদ্ধে ৩ মামলা