কালীগঞ্জের দুই ইউনিয়ন পরিষদে কর্মকর্তা নিয়োগ, একটিতে বহাল প্যানেল চেয়ারম্যান

কালীগঞ্জের দুই ইউনিয়ন পরিষদে কর্মকর্তা নিয়োগ, একটিতে বহাল প্যানেল চেয়ারম্যান

নিজস্ব প্রতিনিধি : চেয়ারম্যানদের অনুপস্থিতির কারণে জনসেবা সচল রাখতে কালীগঞ্জ উপজেলার চার ইউনিয়ন পরিষদে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা দিয়ে প্যানেল চেয়ারম্যান নিয়োগ দেয়ার তিন দিনের মধ্যেই সিদ্ধান্ত বদল করেছে স্থানীয় সরকার বিভাগ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী চার ইউনিয়ন পরিষদের বদলে দুই ইউনিয়ন পরিষদে সরকারি কর্মকর্তা (প্রশাসক) নিয়োগ এবং একটিতে প্যানেল চেয়ারম্যান বহাল রাখা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার সহকারী পরিচালক মোঃ হাসিবুর রহমান স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

নতুন অফিস আদেশে এর আগে গত রোববার (১০ নভেম্বর) চার ইউনিয়ন পরিষদে প্যানেল চেয়ারম্যান নিয়োগ দিয়ে জারি করা অফিস আদেশ বাতিল করা হয়েছে।

অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, কালীগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া, নাগরী এবং মোক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের অনুপস্থিতির কারণে ইউনিয়ন পরিষদ সচল রেখে জনসেবা অব্যাহত রাখতে স্থানীয় সরকার বিভাগ থেকে গত ১৯ আগস্ট জারি করা পরিপত্রের আলোকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ৩৩, ১০১ ও ১০২ ধারা অনুযায়ী ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা দিয়ে ইউনিয়ন পরিষদে সরকারি কর্মকর্তা এবং সংশ্লিষ্ট প্যানেল চেয়ারম্যানকে দায়িত্ব অর্পণ করা হলো।

নাগরী ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব দেয়া হয়েছে উপজেলা কৃষি অফিসার ফারজানা তাসলিমকে এবং জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদের দায়িত্ব দেয়া হয়েছে উপজেলা সমবায় অফিসার আতাউর রহমানকে।

অপরদিকে মোক্তারপুরে ইউনিয়ন পরিষদে আইয়ুব বাগমারকে (প্যানেল-৩) প্যানেল চেয়ারম্যান হিসেবে বহাল রাখা হয়েছে।

অন্য সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের স্বপদে বহাল রাখা হয়েছে।

উল্লেখ্য : এর আগে নাগরী ইউনিয়ন পরিষদে মোঃ মনির খান (প্যানেল-২), জামালপুরে মোসা: সুফিয়া বেগম (প্যানেল-৩), মোক্তারপুরে আইয়ুব বাগমার (প্যানেল-৩) এবং বাহাদুরসাদী মোঃ পনির মিয়াকে (প্যানেল-২) প্যানেল চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়েছিল।

 

আরো জানতে…….

কালীগঞ্জের চার ইউপিতে চেয়ারম্যানের দায়িত্বে প্যানেল চেয়ারম্যান