নিজস্ব প্রতিনিধি : কালীগঞ্জের বিভিন্ন এলাকার সাধারণ মানুষকে বিনা সুদে ঋণ দেয়ার প্ররোচনা দিয়ে অহিংস গণঅভ্যুত্থানের নামে শাহবাগে নিয়ে সরকার বিরোধী ষড়যন্ত্রের ঘটনায় দায়ের হওয়া মামলায় ইউপি সদস্য আশফিয়াক মোহাম্মদ খালিদকে (৪৪) গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার আশফিয়াক মোহাম্মদ খালিদ পিপুলিয়া এলাকার মৃত আজমল হোসেনের ছেলে। তিনি নাগরী ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সদস্য।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৫ নভেম্বর কালীগঞ্জের বিভিন্ন এলাকার সাধারণ মানুষকে বিনা সুদে ১ লাখ থেকে ১ কোটি টাকা পর্যন্ত ঋণ দেয়ার প্ররোচনা দিয়ে অহিংস গণঅভ্যুত্থানে নামে শাহবাগে নিয়ে সরকার বিরোধী ষড়যন্ত্র এবং কালীগঞ্জের দোলন বাজার কাঠপট্টি এলাকায় দাঙ্গা সৃষ্টির দায়ে দায়ের হওয়া মামলায় বুধবার রাতে আশফিয়াক মোহাম্মদ খালিদ পিপুলিয়া থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছে কালীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দড়িসোম এলাকার রফিকুল ইসলাম সিজু। মামলার বাদী কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সুশান্ত চন্দ্র সরকার {মামলা নম্বর ৩৭(১১)২৪}।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলাউদ্দিন জানান, বিনা সুদে ঋণ দেয়ার প্ররোচনায় এলাকার সাধারণ মানুষকে অহিংস গণঅভ্যুত্থানের নামে শাহবাগে নিয়ে সরকার বিরোধী ষড়যন্ত্র ও এলাকায় দাঙ্গা সৃষ্টির দায়ে দায়ের হওয়া মামলায় আশফিয়াক মোহাম্মদ খালিদকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে। পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য : এর আগে ২০২২ সালের ৩০ ডিসেম্বর জুয়ার আসর থেকে ইউপি সদস্য আশফিয়াক মোহাম্মদ খালিদকে গ্রেপ্তার করেছিল কালীগঞ্জ থানা পুলিশ।
আরো জানতে…
কালীগঞ্জে মেম্বারের নেতৃত্বে চলছিল জুয়ার আসর, গোপনে ৯৯৯-এ কল: গ্রেপ্তার ৯