কৃষিজমি রক্ষা করেই উন্নয়ন করা হবে: স্থানীয় সরকার মন্ত্রী

বাংলাদেশে কৃষিজমি দিন দিন কমে আসছে, যা দেশের জন্য ভালো নয়।

কৃষিজমি রক্ষা করেই উন্নয়ন করা হবে: স্থানীয় সরকার মন্ত্রী

গাজীপুর কণ্ঠ ডেস্ক

উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন কৃষিজমি রক্ষা করেই করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘দেশে কৃষিজমি ক্রমেই কমে আসছে, যা ভবিষ্যতের জন্য উদ্বেগের বিষয়। তাই উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রে কৃষিজমির ক্ষতি কমিয়ে সবদিক বিবেচনায় রেখে কাজ করার চেষ্টা করা হবে।’

বুধবার (২৭ মে) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর, গড়েয়া, সালন্দর ইউনিয়নে সম্ভাব্য বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘আমরা যতটা সম্ভব কৃষিজমি নষ্ট করব না। উন্নয়নের ক্ষেত্রে উপরের দিকে যাওয়ার চেষ্টা করব। তবে অবশ্যই এমনভাবে পরিকল্পনা করতে হবে, যাতে কৃষির ওপর নেতিবাচক প্রভাব না পড়ে।’

তিনি আরও বলেন, বাংলাদেশে কৃষিজমি দিন দিন কমে আসছে, যা দেশের জন্য ভালো নয়। এ কারণে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কৃষি, পরিবেশ ও মানুষের স্বার্থ বিবেচনায় রেখে কাজ করা হবে।

উন্নয়নমূলক কর্মকাণ্ডে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

এ সময় জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে মন্ত্রী জেলার আরও কয়েকটি উন্নয়ন প্রকল্প ও সম্ভাব্য স্থাপনার স্থান পরিদর্শন করেন।