কালীগঞ্জে হা-মীমের নারী কর্মীকে যৌন নির্যাতনের চেষ্টা, যুবক গ্রেপ্তার

কালীগঞ্জে হা-মীমের নারী কর্মীকে যৌন নির্যাতনের চেষ্টা, যুবক গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা : কালীগঞ্জে হা-মীম গ্রুপের এক নারী (৩০) কর্মীকে যৌন নির্যাতনের চেষ্টার ঘটনায় মামুন মিয়া (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৪ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে তুমুলিয়া ইউনিয়নের পাড়ারটেক এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার মামুন মিয়া  পাড়ারটেক এলাকার আনারুল মিয়ার ছেলে। সে রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে।

ভুক্তভোগী নারী একই এলাকার বাসিন্দা। তিনি হা-মীম গ্রুপের সুইং বিভাগে চাকরি করেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে অভিযুক্ত মামুন মিয়া হা-মীম গ্রুপে কর্মরত ভুক্তভোগী নারীকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। বিভিন্ন সময়ে ভুক্তভোগীর বাড়ির আশেপাশে এসে ও রাস্তা-ঘাটে অশ্লীল কথাবার্তা এবং অঙ্গভঙ্গি করতো। তার কুপ্রস্তাবে রাজি না হওয়ায় সুযোগ পেলে বড় ধরণের ক্ষতি করার হুমকিও দিয়েছিল। শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে ভুক্তভোগী ঘর থেকে বের হয়ে বাথরুমে যাওয়ার সময় মামুন মিয়া তাকে মুখ চেপে ধরে ধস্তাধস্তি শুরু করেন। একপর্যায়ে যৌন কামনা চরিতার্থ করার জন্য শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাতাহাতি করতে থাকেন। সে সময় ভুক্তভোগীর ডাক-চিৎকারে আশপাশের লোকজন আসলে মামুন পালিয়ে যান।

পরে ভুক্তভোগী নারী বাদী হয়ে শুক্রবার দিবাগত মধ্যরাতে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ আইনের ১০ ধারায় মামলা দায়ের করেন {মামলা নং ১৪(৩)২৫}। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেপ্তার মামুন মিয়া দুই বছর আগে পার্শ্ববর্তী দাউদপুর ইউনিয়নের মাধবপুরের এক তরুণী সঙ্গেও একই ধরনের ঘটনা ঘটিয়েছিল। পরবর্তীতে তার বিরুদ্ধে মামলা হলে তাকে পুলিশ গ্রেপ্তার করে আদালতে পাঠায়। বর্তমানে সে জামিনে রয়েছে।

মামলার বিষয়টি নিশ্চিত করে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন বলেন, গ্রেপ্তার মামুন মিয়াকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।