বিশেষ প্রতিনিধি : গাজীপুর মহানগরের ভুরুলিয়া এলাকায় বেকারি পণ্য তৈরির একটি কারখানা দখল ও ব্যবসায়ীকে মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে।
শনিবার (১৫ মার্চ) দুপুরে গাজীপুর প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে এ অভিযোগ করেছেন কারখানাটির উদ্যোক্তা মো. শাহজালাল।
সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে ব্যবসায়ী শাহজালাল অভিযোগ করেন, গত ২০২২ সালের এপ্রিল মাসে তিনি ঢাকার উত্তরা ধরিপাড়া এলাকায় ‘সেভেন ডেইজ’ নামক একটি বেকারি জাকারিয়া আলম ওরফে মামুনের নামে এক ব্যক্তির কাছ থেকে ভাড়া নেন। সেভেন ডেইজ নামক ব্র্যান্ডের জন্য মাসিক ৩৫ হাজার টাকা, কারখানা ভাড়া মাসিক ৩৫ হাজার টাকায় পাঁচ বছরের চুক্তিতে চুক্তিবদ্ধ হন। এর জন্য অগ্রিম জামানত বাবদ তিনি চার লক্ষ টাকা প্রদান করেন। পরে তিনি প্রায় ২৫ লক্ষ টাকা বিনিয়োগ করে মেশিনারিজ ও আসবাবপত্র কিনে উৎপাদন কার্যক্রম শুরু করেন। কিন্তু বছর খানেক পর জমির মালিক জমি বিক্রি করে দিলে কারখানাটি বন্ধ হয়ে যায়। পরে তিনি (শাহজালাল ) গাজীপুর মহানগরের ভুরুলিয়ার মাঝিরখলায় এসে ভাই ভাই নামে একটি বিস্কিট ফ্যাক্টরী ভাড়া নিয়ে সেভেন ডেইজ ব্র্যান্ডেই উৎপাদন শুরু করেন। কিন্তু জাকারিয়া এতে বাধ সাধে ও তার নামে (জাকারিয়া ) চুক্তিপত্র করতে বাধ্য করে। এ সময় শাহজালালকে ব্রান্ড ব্যবহার করার একটি চুক্তিপত্র করে দেওয়ারর প্রতিশ্রুতি দেয় জাকারিয়া। কিন্তু তা না দিয়ে গত বছরের ২৮ জানুয়ারি শাহজালাল ব্যক্তিগত কাজে গ্রামের বাড়ি চাঁদপুরে গেলে জাকারিয়া ও তার ভগ্নিপতি মোশারফ হোসেন দলবল নিয়ে কারখানাটি দখল করে নেয় । এছাড়া শাহজালালের নামে জাকারিয়া বিভিন্ন থানায় মামলা দিয়ে হয়রানি ও নানা হুমকি দিতে থাকে।
তিনি প্রতারণার শিকার হয়েছেন দাবি করে সংবাদ সম্মেলনে শাহজালাল আরও বলেন, প্রতিকার চেয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয় এবং জেলা প্রশাসক কার্যালয়সহ বিভিন্নস্থানে অভিযোগ দাখিল করি। সেসব দপ্তর থেকে জাকারিয়াকে হাজির হওয়ার নির্দেশ দিলেও তিনি সাড়া দেয়নি। এ বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত-পূর্বক দায়ীদের বিরুদ্ধে শাস্তির দাবি করেন শাহজালাল।
অভিযোগের বিয়য়ে জানতে সংবাদ সম্মেলন থেকে জাকারিয়ার সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি পরে কথা বলবেন বলে জানান। কিন্তু পরবর্তীতে আর ফোন রিসিভ করেননি।