কালীগঞ্জে সড়কে শৃঙ্খলা ফেরাতে ইউএনও’র অভিযান, জরিমানা আদায়

কালীগঞ্জে সড়কে শৃঙ্খলা ফেরাতে ইউএনও’র অভিযান, জরিমানা আদায়

নিজস্ব সংবাদদাতা : কালীগঞ্জে ঈদ-পরবর্তী নিরাপদ যাত্রা ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে অভিযান শুরু করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তনিমা আফ্রাদ।

শনিবার (৫ এপ্রিল) বিকেলে কালীগঞ্জ বাইপাস সড়কের বালীগাঁও এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে মোট ২১ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অভিযানে সড়ক পরিবহন আইন লঙ্ঘনের দায়ে মোট ৭টি মামলায় দুটি ড্রাম ট্রাক, একটি যাত্রীবাহী বাস এবং চারটি মোটরসাইকেলকে জরিমানা করেছেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তনিমা আফ্রাদ। অতিরিক্ত গতি, ড্রাইভিং লাইসেন্স না থাকা এবং যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্রের অনিয়মের কারণে এসব মামলা দায়ের ও জরিমানা করা হয়। জনসচেতনতা বাড়ানো এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনাই এই অভিযানের মূল লক্ষ্য।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে সড়কে শৃঙ্খলা নিশ্চিত করার এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।