এইচএসসির উত্তরপত্র পুনর্মূল্যায়ন: ৩৩ হাজার ৩৪৯ শিক্ষার্থীর ফল পরিবর্তন

মোট দুই লাখ ৯১ হাজার ২১১ জন শিক্ষার্থী ফল পুনর্মূল্যায়নের জন্য আবেদন করেছিল।

এইচএসসির উত্তরপত্র পুনর্মূল্যায়ন: ৩৩ হাজার ৩৪৯ শিক্ষার্থীর ফল পরিবর্তন

গাজীপুর কণ্ঠ, শিক্ষা ডেস্ক

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের পর ৩৩ হাজার ৩৪৯ পরীক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) বিকাল ৩টার দিকে পরীক্ষার্থীদের পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশিত হয়।

শিক্ষাবোর্ড থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, মোট দুই লাখ ৯১ হাজার ২১১ জন শিক্ষার্থী ফল পুনর্মূল্যায়নের জন্য আবেদন করেছিল। এসব আবেদনের বিপরীতে ১১টি শিক্ষা বোর্ডে মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৬টি উত্তরপত্র পুনর্নিরীক্ষা করা হয়েছে। এতে মোট ৩৩ হাজার ৩৪৯ জন পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে, যা মোট আবেদনকারীর ১১ দশমিক ৪৫ শতাংশ।

বোর্ডভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, ফল পরিবর্তনের সংখ্যায় সবার ওপরে রয়েছে ময়মনসিংহ শিক্ষা বোর্ড। এ বোর্ডে ১৮ হাজার ৮৭০ জন শিক্ষার্থী আবেদন করেন এবং ৭১ হাজার ৭৬২টি উত্তরপত্র পুনর্নিরীক্ষা করা হয়। এতে সর্বোচ্চ আট হাজার ৩৩৯ জনের ফল পরিবর্তন হয়েছে, যা আবেদনকারীর ৪৪ দশমিক ১৯ শতাংশ।

ফল পরিবর্তনের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা বোর্ড। এ বোর্ডে ৮১ হাজার ৭৯৪ জন শিক্ষার্থী আবেদন করেন এবং তিন লাখ ৩৫ হাজার ৮৮১টি উত্তরপত্র পুনর্নিরীক্ষা করা হয়। এতে পাঁচ হাজার ৮৫৩ জনের ফল পরিবর্তন হয়েছে, যা আবেদনকারীর ৭ দশমিক ১৬ শতাংশ।

এ ছাড়া কুমিল্লা বোর্ডে ২৫ হাজার ১৯৩ জন আবেদনকারীর মধ্যে তিন হাজার ৬৫ জনের, রাজশাহী বোর্ডে ৩১ হাজার ৩৬৪ জনের মধ্যে ৭৭৯ জনের, যশোর বোর্ডে ২৬ হাজার ২৭৭ জনের মধ্যে এক হাজার ৯০৯ জনের, চট্টগ্রাম বোর্ডে ২৭ হাজার ১২৪ জনের মধ্যে দুই হাজার ৪৩ জনের এবং বরিশাল বোর্ডে ১২ হাজার ২৯৩ জনের মধ্যে দুই হাজার ৭৭২ জনের ফল পরিবর্তন হয়েছে।

অন্যদিকে, সিলেট বোর্ডে ১৪ হাজার ৪৪৩ জন আবেদনকারীর মধ্যে এক হাজার ৩৫৩ জনের, দিনাজপুর বোর্ডে ২৪ হাজার ৫৩১ জনের মধ্যে দুই হাজার ২৪৮ জনের, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ১১ হাজার ৮৮২ জনের মধ্যে এক হাজার ১২৮ জনের এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে (বিটিইবি) ১৭ হাজার ৪৪০ জন আবেদনকারীর মধ্যে তিন হাজার ৮৬০ জনের ফল পরিবর্তন হয়েছে। ফল পরিবর্তনের হার বিবেচনায় ময়মনসিংহ বোর্ডের পরেই রয়েছে বরিশাল বোর্ড (২২ দশমিক ৫৫ শতাংশ) ও কারিগরি শিক্ষা বোর্ড (২২ দশমিক ১৩ শতাংশ)। সবচেয়ে কম ফল পরিবর্তন হয়েছে রাজশাহী বোর্ডে, মাত্র ২ দশমিক ৪৮ শতাংশ।