গাজীপুরে ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

গাজীপুরে ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

গাজীপুর কণ্ঠ ডেস্ক : মহানগরের যোগীতলা এলাকায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে।

শনিবার (৫ এপ্রিল) রাত ৮টার দিকে ঢাকা-বাইপাস সড়কে এ দুর্ঘটনাটি ঘটেছে।

নিহতরা হলেন—কুড়িগ্রাম নাগেশ্বরী থানার চন্ডীপুর গ্রামের মো. আব্দুল্লাহর ছেলে মাহাবুর রহমান বাবু (৪০) ও একই উপজেলার বাটুয়াখানা গ্রামের মৃত আব্দুল মজিদ মিয়া ছেলে মো. ওবাইদুল হক (৪৭)। নিহত দুইজন মোটরসাইকেল আরোহী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মোটরসাইকেলযোগে ওই দুইজন ভোগড়া বাইপাস থেকে ঢাকার দিকে যাচ্ছিল। একপর্যায়ে তাদের মোটরসাইকেলটি যোগীতলা এলাকায় পৌঁছায়। এ সময় একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই দুইজনের মরদেহ উদ্ধার করে। তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি।

বাসন থানার উপ-পরিদর্শক (এসআই) সুকান্ত পাল জানান, ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।