বাংলাদেশে সরাসরি ফ্লাইট চালুর অনুমতি পেল পাকিস্তানের এয়ার-সিয়াল

বাংলাদেশে সরাসরি ফ্লাইট চালুর অনুমতি পেল পাকিস্তানের এয়ার-সিয়াল

গাজীপুর কণ্ঠ ডেস্ক : পাকিস্তানের বেসরকারি বিমান সংস্থা এয়ার-সিয়াল বাংলাদেশে সরাসরি ফ্লাইট পরিচালনার অনুমোদন পেয়েছে। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সংস্থাটিকে এই অনুমোদন দিয়েছে।

বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবির ভূঁইয়া সংবাদ মাধ্যমকে জানান, “বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি ফ্লাইট পরিচালনার জন্য আমরা এয়ার-সিয়ালকে অনুমোদন দিয়েছি। বিষয়টি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়কে চিঠি দিয়ে জানানো হয়েছে।”

নিয়ম অনুযায়ী, এয়ার-সিয়ালকে এখন বাংলাদেশে একটি জেনারেল সেলস এজেন্ট (জিএসএ) নিয়োগ করতে হবে এবং ফ্লাইট স্লটের জন্য আবেদন করতে হবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, শুধুমাত্র বাংলাদেশ-পাকিস্তান রুটেই নয়, মধ্যপ্রাচ্যসহ অন্যান্য আন্তর্জাতিক রুটে ট্রানজিট সুবিধাও দেবে এয়ার-সিয়াল।

শিয়ালকোটভিত্তিক এই সংস্থাটি ২০১৫ সালের আগস্টে যাত্রা শুরু করে এবং তাদের বহরে ছয়টি এয়ারবাস রয়েছে।

এর আগে, চলতি বছরের ফেব্রুয়ারিতে ফ্লাই জিন্নাহ-কে করাচি-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনার অনুমতি দেয় বেবিচক।

বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার মো. ইকবাল হুসেইন সংবাদ মাধ্যমকে জানান, অনুমোদন প্রাপ্তির পর এয়ার-সিয়াল দুই মাসের মধ্যেই ঢাকা রুটে ফ্লাইট চালু করতে পারবে।

তিনি আরও জানান, ফ্লাই জিন্নাহ বর্তমানে তাদের বিমান বহর সম্প্রসারণের কাজ করছে।

উল্লেখ্য, পাকিস্তানের রাষ্ট্রীয় বিমান সংস্থা পিআইএ ২০১৮ সালে আর্থিক ক্ষতি এবং যাত্রীসংখ্যা কমে যাওয়ায় বাংলাদেশে তাদের ফ্লাইট বন্ধ করে দেয়।