সুষ্ঠু নির্বাচন দিলেই বোঝা যাবে, বিএনপি কতটা জনপ্রিয়: রিজভী

সুষ্ঠু নির্বাচন দিলেই বোঝা যাবে, বিএনপি কতটা জনপ্রিয়: রিজভী

গাজীপুর কণ্ঠ ডেস্ক : আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে আবারও নিরপেক্ষ ও অবাধ নির্বাচনের দাবি তুলেছে বিএনপি। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, “সুষ্ঠু নির্বাচন হলেই বোঝা যাবে, বিএনপি দেশের জনগণের কাছে কতটা জনপ্রিয়।”

শুক্রবার (৪ জুলাই) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, “টানা ১৬ বছর ধরে বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন চালিয়ে যাচ্ছে। শেখ হাসিনা গণতন্ত্রকে কবর দিয়েছিলেন, আমরা সেই গণতন্ত্র ফিরিয়ে আনতে রাস্তায় থেকেছি। নিপীড়ন, দমন-পীড়ন, গুম, হত্যা—কোনো কিছুই বিএনপিকে থামাতে পারেনি।”

তিনি বলেন, “যখনই দেশে গণতন্ত্র বিপন্ন হয়েছে, তখনই বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তা ফিরিয়ে আনতে সাহসী ভূমিকা রেখেছেন। তাঁর নেতৃত্বে আমাদের আন্দোলন আজও অব্যাহত রয়েছে।”

সংবাদ সম্মেলনে দলের নেতাকর্মীদের উদ্দেশেও কড়া বার্তা দেন রিজভী। তিনি বলেন, “দলীয় শৃঙ্খলা বজায় রাখতে যেকোনো অনৈতিক ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে বিএনপি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। দলের কেউ যদি অপরাধে জড়ায়, তাহলে তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও জানান, ইতিমধ্যেই সারাদেশে ৪ থেকে ৫ হাজার নেতাকর্মীর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে ব্যবস্থা নেওয়া হয়েছে। দলের ভাবমূর্তি রক্ষায় কোনো সন্ত্রাসী বা অপরাধী কার্যক্রম বরদাশত করা হবে না বলেও জানান তিনি।

রিজভী আহ্বান জানান, অবিলম্বে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে একটি অবাধ ও সুষ্ঠু জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা করতে। তিনি বলেন, “এই নির্বাচনেই আসল পরীক্ষা হবে—জনগণ কাকে চায়, কাকে চায় না। তখনই বোঝা যাবে, বিএনপির জনপ্রিয়তা কতটা গভীরে প্রোথিত।”