গাজীপুর কণ্ঠ ডেস্ক : মহানগরের কোনাবাড়ীতে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
রোববার (৬ জুলাই) দুপুরে কোনাবাড়ীর দেওয়ালিয়াবাড়ি দক্ষিণপাড়া দিঘীরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দুই শিক্ষার্থী হলেন—রংপুরের মিঠাপুকুর থানার বড় মির্জাপুর শঠিবাড়ি এলাকার আকমল হোসেনের ছেলে জুনায়েদ (১২) এবং সিরাজগঞ্জের শাহজাদপুর থানার তালতলা এলাকার মো. শামীমের ছেলে আব্দুল মমিন ওরফে স্বাধীন (১২)।
পুলিশ ও স্থানীয়রা জানান, দেওয়ালিয়াবাড়ি দক্ষিণপাড়া দিঘীরপাড় এলাকায় একটি জমির গর্তে বৃষ্টির পানি জমে ছিল। বেলা ১১টার দিকে জুনায়েদ ও আব্দুল মমিন সেখানে সাঁতার কাটতে যায়। এক পর্যায়ে তারা পানিতে ডুবে যায়। তাদের সঙ্গে থাকা এক কিশোর দৌড়ে গিয়ে পরিবারের লোকজনকে খবর দিলে এলাকাবাসী উদ্ধার অভিযানে নামে। পরে দীর্ঘ খোঁজাখুঁজির পর তাদের মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
নিহত জুনায়েদ কোনাবাড়ী থানার দক্ষিণ দেওয়ালিয়াবাড়ি ও আব্দুল মমিন কাশিমপুর থানার এনায়েতপুর এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় বসবাস করত। তারা দুজনেই দেওয়ালিয়াবাড়ি এলাকার আল ইসলামিয়া ক্যাডেট মাদ্রাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।
কোনাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম সংবাদ মাধ্যমকে জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দুটি হস্তান্তর করা হয়েছে।