কালীগঞ্জে গাঁজাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কালীগঞ্জে গাঁজাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জে মাদকবিরোধী বিশেষ পৃথক অভিযানে তিন কেজি গাঁজা উদ্ধার এবং চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৭ জুলাই) বিকেল ও সন্ধ্যায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—কালীগঞ্জের মূলগাঁও এলাকার মৃত আব্দুল বাতেনের ছেলে ইসমাইল চিশতী (৬০), দেওপাড়া এলাকার বাচ্চু মিয়ার ছেলে পারভেজ মিয়া (৩০), বেতুয়া এলাকার বিল্লাল হোসেনের ছেলে আমজাদ হোসেন (২৭) এবং নরসিংদীর শিবপুর থানার পূর্ব মুন্সি এলাকার আবু সাইদের ছেলে হারুন অর রশিদ (৪৫)। তারা সকলেই পেশাদার মাদক ব্যবসায়ী বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে কালীগঞ্জ বাইপাস সড়কের কে.টি.এল গ্যারেজ সংলগ্ন এলাকায় উপপরিদর্শক (এসআই) রমজান আলীর নেতৃত্বে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে হারুন অর রশিদকে এক কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।

অপরদিকে, সন্ধ্যা ৭টার দিকে মূলগাঁও এলাকার কথিত একটি মাদকের আস্তানায় উপপরিদর্শক (এসআই) ইব্রাহিম শেখের নেতৃত্বে অভিযান চালিয়ে ইসমাইল চিশতী, পারভেজ মিয়া এবং আমজাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়। এ সময় আস্তানা থেকে দুই কেজি গাঁজা উদ্ধার ও জব্দ করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন।