গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : ভারতের সঙ্গে চলমান শুল্ক দ্বন্দ্ব না মিটলে বাণিজ্য আলোচনা হবে না—এমন স্পষ্ট বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওভাল অফিসে এক সাক্ষাৎকারে ভারতের বার্তা সংস্থা এএনআইকে দেওয়া এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “না, আলোচনা হবে না, যতক্ষণ না বিষয়টি সমাধান হচ্ছে।” — এমনই জানিয়েছে এনডিটিভি।
সম্প্রতি হোয়াইট হাউস থেকে জারি করা এক নির্বাহী আদেশে ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করে ট্রাম্প প্রশাসন। এর ফলে দেশটির ওপর মোট শুল্কহার দাঁড়িয়েছে ৫০ শতাংশে।
যুক্তরাষ্ট্রের যুক্তি, রাশিয়া থেকে জ্বালানি আমদানি করায় ভারতের বিরুদ্ধে এই পদক্ষেপ। হোয়াইট হাউসের ভাষায়, “ভারতের রাশিয়ান তেল আমদানির বিষয়টি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতির জন্য বড় ঝুঁকি তৈরি করছে। তাই জরুরি অর্থনৈতিক ব্যবস্থা নেওয়া ছাড়া উপায় ছিল না।”
প্রথম দফা অতিরিক্ত শুল্ক কার্যকর হয়েছে ৭ আগস্ট থেকে। বর্ধিত ২৫ শতাংশ শুল্ক কার্যকর হবে ২১ দিনের মধ্যে। তবে চলমান পরিবহনে থাকা পণ্য এবং কিছু নির্দিষ্ট ক্যাটাগরির রফতানি আপাতত এই শুল্কের আওতায় পড়বে না।
বাণিজ্য উত্তেজনার মধ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও পাল্টা বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, “ভারতের কৃষক, জেলে ও দুগ্ধখাতের স্বার্থে কোনো আপস নয়। প্রয়োজনে আমরা মূল্য চুকাতে প্রস্তুত। ভারতের স্বার্থেই আমরা অনড় থাকবো।”