গাজীপুর কণ্ঠ ডেস্ক : বাংলাদেশের আকাশে রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় আগামী ৬ সেপেটম্বর ঈদে মিলাদুন্নবী পালিত হবে।
রোববার (২৪ আগস্ট) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয় বলে ইসলামিক ফাউন্ডেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন-এর প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের তথ্য সভায় পর্যালোচনা করা হয়। তাতে রোববার বাংলাদেশের আকাশে রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশন বলেছে, ১৪৪৭ হিজরি সনের সফর মাসের ৩০ দিন সোমবার পূর্ণ হবে। তাই মঙ্গলবার থেকে রবিউল আউয়াল মাস গণনা করা হবে।
সে হিসেবে, রবিউল আউয়াল মাসের ১২ তারিখ হয় আগামী ৬ সেপ্টেম্বর শনিবার। সে দিন ঈদে মিলাদুন্নবী পালিত হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
হিজরি সনের ১২ রবিউল আউয়াল মহানবী হজরত মুহাম্মদের (স.) পৃথিবীতে আগমন ও তিরোধানের দিন। এ দিনটি মুসলিম বিশ্বে ঈদে মিলাদুন্নবী হিসেবে পালন করা হয়। বাংলাদেশে এ দিনটি সরকারি ছুটি।
ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এ কে এম আফতাব হোসেন প্রামাণিকের সভাপতিত্বে সভায় চাঁদ দেখা সংক্রান্ত নীতিমালার খসড়া উপস্থাপিত হলে ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।