গাজীপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

গাজীপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুরে পুকুরে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (৩১ আগস্ট) দুপুরে মহানগরের ধীরাশ্রম এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন স্থানীয় ঝালমুড়ি বিক্রেতা জাকির হোসেনের মেয়ে রাবেয়া খাতুন (৯) এবং রাজমিস্ত্রি মিলন মিয়ার মেয়ে মোহনা বেগম (৯)। তারা দু’জনই স্থানীয় আল নূর একাডেমি মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্রী ছিলেন।

এলাকাবাসীর বরাতে জানা গেছে, দুপুরে তিন শিশু একসঙ্গে গোসল করতে পুকুরে যায়। তাদের মধ্যে রাবেয়া ও মোহনা পানিতে নামে, অপর শিশু পাড়ে বসে থাকে। কিছুক্ষণ পর রাবেয়া ও মোহনাকে সাড়া না পেয়ে পাড়ে থাকা শিশু চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসে। পরে তারা পুকুরে তল্লাশি চালিয়ে দুই শিশুকে অচেতন অবস্থায় উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাহমুদা রাণী বলেন, “শিশু দু’জনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।”