গাজীপুর কণ্ঠ ডেস্ক
মাদারীপুর সদর উপজেলার একটি পরিত্যক্ত টিনশেড ঘরে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় ঘরটির বড় একটি অংশের টিনের চালা উড়ে গেছে। বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বুধবার (২৬ আগস্ট) বিকাল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের দক্ষিণ ঝিকরহাটি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, গ্রামের আমিনুল ইসলাম খানের একটি ঘর দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। বিকালে হঠাৎ ওই বন্ধ ঘরের ভেতর থেকে বিকট শব্দ শুনতে পান তারা। পরে ঘটনাস্থলের কাছে গিয়ে ধোঁয়া দেখা যায়। এ সময় বিস্ফোরকের গন্ধও পাওয়া যায় বলে জানান তারা।
খবর পেয়ে মাদারীপুর মডেল থানা পুলিশের একটি দল গিয়ে ঘটনাস্থলে পরিদর্শন করে। বিস্ফোরণের কারণ ও ঘটনার সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনা সংবাদ মাধ্যমকে বলেন, দক্ষিণ ঝিকরহাটি গ্রামের আমিনুল ইসলাম খানের একটি ঘর দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় ছিল। বিকালে ওই বন্ধ ঘরে বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
তিনি আরও বলেন, এটি নাশকতার উদ্দেশ্যে করা হয়েছে, নাকি স্থানীয় কোনো বিরোধ বা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।