গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের বেলুচিস্তানের কোয়েটায় একটি রাজনৈতিক সমাবেশে আত্মঘাতী বোমা হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ১৫ জন। এই মর্মান্তিক হামলাটি ঘটে বেলুচিস্তান ন্যাশনাল পার্টির (বিএনপি) এক নির্বাচনী সমাবেশে, যা অনুষ্ঠিত হচ্ছিল সারিয়াব রোডের শাহওয়ানি স্টেডিয়ামের কাছাকাছি এলাকায়।
বুধবার (৩ সেপ্টেম্বর) বেলুচিস্তানের স্বাস্থ্যমন্ত্রী বখত মুহাম্মদ কাকার সাংবাদিকদের জানিয়েছেন, হামলায় আহত হয়েছেন আরও ৩৮ জন, যাদের মধ্যে আটজনের অবস্থা গুরুতর এবং তারা বর্তমানে ট্রমা সেন্টারে চিকিৎসাধীন।
হামলার কারণ উদঘাটনে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি আরও বলেন, কঠোর নিরাপত্তা ব্যবস্থার কারণে আত্মঘাতী হামলাকারী মূল সমাবেশস্থলে প্রবেশ করতে পারেনি, তবে আশপাশের ব্যস্ত এলাকায় বিস্ফোরণ ঘটিয়ে ভয়াবহ ক্ষয়ক্ষতি ঘটায়।
হামলাটি ঘটে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায়, যখন শাহওয়ানি স্টেডিয়ামের আশেপাশে লোকজনের ভিড় ছিল। জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে, কারণ অনেক আহতের অবস্থা আশঙ্কাজনক।