গাজীপুর কণ্ঠ ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন গেজেটে গাজীপুরে একটি আসন বাড়িয়ে মোট ছয়টি আসন করা হয়েছে।
বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় সংসদীয় আসনের চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে ইসি।
গেজেট অনুযায়ী গাজীপুরের আসনগুলো হলো—গাজীপুর-১: কালিয়াকৈর উপজেলা ও গাজীপুর সিটি করপোরেশনের ৭–১২ নম্বর ওয়ার্ড, গাজীপুর-২: গাজীপুর সিটির ১–৬ ও ১৩–৩১ নম্বর ওয়ার্ড এবং সদর উপজেলার বাড়িয়া ইউনিয়ন, গাজীপুর-৩: শ্রীপুর উপজেলা, সদর উপজেলার মির্জাপুর, ভাওয়াল গড় ও পিরুজালী ইউনিয়ন এবং গাজীপুর সেনানিবাস, গাজীপুর-৪: কাপাসিয়া উপজেলা, গাজীপুর-৫: কালীগঞ্জ উপজেলা ও গাজীপুর সিটির ৪০–৪২ নম্বর ওয়ার্ড এবং গাজীপুর-৬: গাজীপুর সিটির ৩২–৩৯ ও ৪৩–৫৭ নম্বর ওয়ার্ড।

গত ৩০ জুলাই খসড়া প্রকাশ করেছিল নির্বাচন কমিশন। এতে ২৬১ আসনের সীমানা বহাল রেখে ৩৯টিতে ছোটখাটো পরিবর্তন আনা হয়। গাজীপুরে একটি আসন বাড়ানো হলেও বাগেরহাটে একটি আসন কমানো হয়।
সীমানা নিয়ে আপত্তি ও পরামর্শ দেওয়ার শেষ সময় ছিল ১০ আগস্ট। এ সময় ১ হাজার ৮৯৩টি আবেদন জমা পড়ে। এর মধ্যে ১ হাজার ১৮৫টি ছিল আপত্তি এবং ৭০৮টি সুপারিশ।
২৪ থেকে ২৭ আগস্ট চার দিন ধরে এসব আবেদন নিয়ে শুনানি করে নির্বাচন কমিশন। পর্যালোচনা শেষে চূড়ান্ত গেজেট প্রকাশ করা হলো।