আইন-আদালতআলোচিত

১২০০ কোটি টাকা পাচার: স্ত্রীসহ সাবেক ভূমিমন্ত্রীর বিরুদ্ধে মামলা

গাজীপুর কণ্ঠ ডেস্ক : দেশ থেকে দুবাইয়ে ১২০০ কোটি টাকা পাচারের অভিযোগে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী রুকমীলা জামানের বিরুদ্ধে মামলা হয়েছে। তাতে অজ্ঞাত আরও পাঁচ-সাতজনকে আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কোতয়ালী থানায় বাদী হয়ে মামলাটি করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি।

সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, পাচারকৃত অর্থ দিয়ে দুবাইয়ের অভিজাত এলাকাগুলোতে মোট ২২৬টি ফ্ল্যাট, একাধিক ব্যবসা প্রতিষ্ঠান এবং ব্যাংক হিসাব পরিচালনার প্রমাণ মিলেছে। এসব অর্থ দেশের বাইরে পাচার করা হয় সরকারের অনুমতি ছাড়াই, যা মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ (সংশোধিত ২০১৫) অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০১৬ সাল থেকে ২০২৩ সালের মধ্যে দুবাইয়ের আল বারসা সাউথ, জাদ্দাফ, বুর্জ খলিফা, জাবাল আলী, ওয়ার্ল্ড আইল্যঠহু, জাবেল, নাদ আল সেবা, মারসা দুবাই প্রভৃতি এলাকায় সাইফুজ্জামান চৌধুরীর নামে এসব সম্পত্তি কেনা হয়। আরব আমিরাতের স্থানীয় মুদ্রায় সম্পত্তিগুলোর বাজারমূল্য ৩৩ কোটি ৫৬ লাখ ৫৭ হাজার ১৬৮ দিরহাম।

এছাড়া সাইফুজ্জামানের স্ত্রী রুকমীলা জামানের নামে আল বারসা সাউথ থার্ড এলাকায় ‘কিউ গার্ডেন বুটিক রেসিডেন্স-ব্লক বি’ নামে দুটি সম্পত্তি পাওয়া গেছে, যার বাজারমূল্য প্রায় ২২ লাখ ৫০ হাজার দিরহাম।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, অভিযুক্তদের দুবাইয়ের দুটি কোম্পানির মালিকানা ও পরিচালনায় সংশ্লিষ্টতা রয়েছে, যার একটি নির্মাণ সামগ্রী ব্যবসার জন্য ‘জেবা ট্রেডিং এফজেডই’ এবং অপরটি সফটওয়্যার ব্যবসার জন্য ‘র‌্যাপিড রেপটর এফজেডই’।

দুবাই ইসলামী ব্যাংক, জনতা ব্যাংক ও ফার্স্ট আবুধাবি ব্যাংকের দুটি হিসাবসহ মোট চারটি একাউন্টে প্রচুর পরিমাণে দিরহাম ও মার্কিন ডলারে লেনদেনের তথ্য মিলেছে আসামিদের, যার পরিমাণ বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩১১ কোটি ২৬ লাখ ৬ হাজার ৭৯৫ টাকা।

বাংলাদেশ ব্যাংক সূত্র বলছে, বিদেশে কোনো সম্পত্তি ক্রয়, বিনিয়োগ বা ব্যাংক হিসাব খোলার বিষয়ে সাইফুজ্জামান বা তার পরিবারের সদস্যদের নামে সরকার থেকে কোনো অনুমোদন না নিয়ে এসব অর্থ সম্পূর্ণ অবৈধভাবে পাচার করা হয়েছে।

সাইফুজ্জামান চৌধুরী ২০১৪ সালের ১২ জানুয়ারি থেকে পর্যায়ক্রমে ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং পরবর্তীতে পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি), আরামিট গ্রুপ ও চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির গুরুত্বপূর্ণ পদেও দায়িত্বে ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button