গাজীপুরে জজের সরকারি বাসভবনে চুরি, গ্রেপ্তার ৩

গাজীপুরে জজের সরকারি বাসভবনে চুরি, গ্রেপ্তার ৩

গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুর শহরে মহানগর অতিরিক্ত দায়রা জজ আবু ইব্রাহীমের সরকারি বাসভবনে চুরির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার রাতে শহরের আজিম উদ্দিন কলেজ রোড–সংলগ্ন এলাকায় এ ঘটনার পর জড়িত সন্দেহে তাঁদের গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় সোমবার সকালে বাদী হয়ে মামলা করেন আদালতের নাজির বিল্লাল হোসেন পাটোয়ারী।

মামলার এজাহারে বলা হয়েছে, গাজীপুর শহরের আজিম উদ্দিন কলেজ রোড–সংলগ্ন সরকারি বাসভবনে অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং অতিরিক্ত মহানগর দায়রা জজ থাকেন। গত রোববার মধ্যরাতে বাংলোর বারান্দার মূল ফটক ভেঙে অজ্ঞাতপরিচয় চোরের দল ভেতরে ঢোকে। এ সময় বিভিন্ন জিনিস খোয়া যায়।

এজাহারে আরও বলা হয়, সকালে দুজন অফিস সহায়ক বাসভবনে গিয়ে চুরির বিষয়টি খেয়াল করেন। পরে কর্মকর্তাদের ফোন করে বিষয়টি জানানো হয়।

মামলার বাদী আদালতের নাজির বিল্লাল হোসেন পাটোয়ারী সংবাদ মাধ্যমকে বলেন, চুরির ঘটনায় গাজীপুর সদর থানায় একটি মামলা করা হয়েছে।

মামলার বিষয়টি নিশ্চিত করে গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান সংবাদ মাধ্যমকে বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সূত্র: প্রথম আলো