গাজীপুরে তিন পত্রিকার নিবন্ধন বাতিল

গাজীপুরে তিন পত্রিকার নিবন্ধন বাতিল

বিশেষ প্রতিনিধি : গাজীপুর থেকে প্রকাশিত তিনটি দৈনিক পত্রিকার ঘোষণা ও নিবন্ধন বাতিল করেছেন জেলা ম্যাজিস্ট্রেট।

সোমবার (৩ নভেম্বর) এ সংক্রান্ত একটি অফিস আদেশ গাজীপুর প্রেসক্লাব সভাপতি এবং সাধারণ সম্পাদক বরাবর পাঠানো হয়েছে।

​বাতিল হওয়া পত্রিকাগুলো হলো: ​দৈনিক ‘আজকের গাজীপুর’, দৈনিক ‘জনসংবাদ’​ এবং দৈনিক ‘বাস্তব চিত্র’।

​গাজীপুর জেলা ম্যাজিস্ট্রেট নাফিসা অরেফিন কর্তৃক গত ৩০ অক্টোবর স্বাক্ষরিত অফিস আদেশে উল্লেখ করা হয় যে, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের অনুরোধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

​আদেশে বলা হয়েছে, ছাপাখানা ও প্রকাশনা (ঘোষণা ও নিবন্ধিকরণ) আইন, ১৯৭৩-এর ২৬ ধারা অনুযায়ী, “প্রত্যেক সংবাদপত্রের মুদ্রাকরকে সরকার কর্তৃক প্রজ্ঞাপন দ্বারা নির্ধারিত স্থানে এবং কর্মকর্তার নিকট সংবাদপত্রটি প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে বিনামূল্যে ওই পত্রিকার চার কপি সরবরাহ করতে হবে।”

তবে, দৈনিক ‘আজকের গাজীপুর’, দৈনিক ‘জনসংবাদ’ এবং দৈনিক ‘বাস্তব চিত্র’—এই তিনটি পত্রিকা জানুয়ারি-২০২৪ থেকে আগস্ট-২০২৫ পর্যন্ত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরে তাদের কোনো সংখ্যা জমা দেয়নি। এতে প্রতীয়মান হয় যে, পত্রিকাগুলো প্রকাশিত হচ্ছে না। এই কার্যকলাপ ১৯৭৩ সালের আইনের ২৬ ধারার সুস্পষ্ট লঙ্ঘন।

প্রকাশিত না হওয়ার কারণে ১৯৭৩ সনের ছাপাখানা ও প্রকাশনা (ঘোষণা ও নিবন্ধিকরণ) আইন মোতাবেক ঘোষণাপত্র বাতিলের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছিল। ফলস্বরূপ, ওই তিনটি পত্রিকার ঘোষণাপত্র আইনটির ৯(৩)(ক) ধারা বলে বাতিল করা হয়েছে।