গাজীপুর কণ্ঠ ডেস্ক : মানিকগঞ্জের শিবালয় উপজেলায় দুর্বৃত্তদের আগুনে তাবেজ খান (৪৫) নামে এক বাসচালক দগ্ধ হয়েছেন।
শুক্রবার (১৪ নভেম্বর) সকালে শিবালয় থানার উপপরিদর্শক (এসআই) সুমন চক্রবর্তী সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভোররাতে উপজেলার ফলসাটিয়া এলাকায় এই ঘটনা ঘটে। তাবেজ মানিকগঞ্জ সদর উপজেলার বাড়াইভিকরা গ্রামের বাসিন্দা।
এসআই সুমন চক্রবর্তী বলেন, ‘তাবেজ দ্য হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের বাসচালক। প্রতি রাতে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে বাসটি পার্কিং করে রাখা হয়। এদিন চালক বাসের ভেতরেই ঘুমিয়ে ছিলেন। ভোররাতে দুর্বৃত্তরা হঠাৎ বাসটিতে আগুন ধরিয়ে দেয় এবং মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। এতে তাবেজ খান দগ্ধ হন।’
‘বাসচালককে প্রথমে মানিকগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়,’ বলেন তিনি।